আর দুই সপ্তাহ পরই ভোট অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে। নির্বাচনে নতুন প্রধানমন্ত্রীসহ সরকার পেতে যাচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি। আর সেই নির্বাচনের আগে সন্তানের জন্ম দিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী পদপ্রার্থী পায়টংটার্ন সিনাওয়াত্রা। থাইল্যান্ডের এ নির্বাচনে তাকে হেভিওয়েট প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। সম্প্রতি তিনি তার অফিসিয়াল ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নবজাতকের একটি ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন। খবর এফএমটি।
৩৬ বছর বয়সী পায়টংটার্ন তার অফিসিয়াল ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানান, হাই, আমার নাম প্রুথাসিন সুকসাওয়াস, ডাক নাম থাসিন। সকল সমর্থনের জন্য ধন্যবাদ। কয়েক দিনের মধ্যে, প্রথমে আমার মায়ের সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করুন, তারপর আমি প্রেসের সাথে দেখা করব।’
সংবাদমাধ্যম বলছে, থাইল্যান্ডের রাজনীতিতে সিনাওয়াত্রা পরিবারের রয়েছে ব্যাপক জনসমর্থন। অতীতে নির্বাচনে বিপুল ভোটে তাদের দল ক্ষমতায় এসেছে। আর তাই নিজের পরিবারের নামের স্বীকৃতি এবং দলের স্থায়ী জনপ্রিয়তা পায়টংটার্ন সিনাওয়াত্রাকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।
থাইল্যান্ডের রাজনীতিতে সিনাওয়াত্রা পরিবারের আধিপত্য পুরনো। সম্প্রতি এক জরিপে প্রধানমন্ত্রী পদে পায়টংটার্নকে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত করা হয়েছে। জনমত জরিপে দেখা যায়, আগামী নির্বাচনে সবচেয়ে বেশি আসন জয়ের সম্ভাবনাও রয়েছে তার দল পিউ থাইয়ের। পায়টংটার্ন বলেন, বর্তমানে জীবনযাত্রার উচ্চ ব্যয় ও পারিবারিক ঋণের চাপে ক্ষমতাসীন সরকারের প্রতি ব্যাপক জন অসন্তুষ্টি নির্বাচনে প্রভাব ফেলবে। এর ফলে সামরিক সমর্থিত প্রায়ুত চ্যান-ওচার সরকারকে পরাজিত করে পিউ থাই পার্টির দীর্ঘ আট বছর পর ক্ষমতায় ফেরার পথ সুগম হবে।
২০১৯ সালের নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছিল পিউ থাই পার্টি। তবে সেনাবাহিনীর সমর্থিত পালাং প্রচারথের নেতৃত্বাধীন দলগুলোর জোটের কারণে সরকার গঠন প্রক্রিয়া ভেস্তে যায়। এর পর থেকে দেশটিতে জনবিক্ষোভ বাড়তে থাকে। কখনো বেতন বাড়ানোর দাবি আবার কখনো খাদ্যদ্রব্যের মূল্য বাড়ানোর দাবি। কয়েক বছর ধরে সরকারের বিপক্ষে এ রকম আন্দোলন ঠেকাতে হিমশিম খেতে হয়েছে কর্তৃপক্ষকে।
২০১৪ সালে থাকসিনের বোন ইংল্যাক সিনাওয়াত্রাকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করেছিলেন প্রায়ুত চ্যান-ওচা। এরপরে মূল্যস্ফীতি ও পারিবারিক ঋণের চাপ বাড়ায় বিপাকে পড়েন তিনি।










