গাজায় ইসরায়েলি বিমান হামলায় তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির ক্যামেরম্যান মুহাম্মদ আলাউলের চার সন্তান নিহত হয়েছে। এছাড়া তিন ভাই-বোনকে হারিয়েছেন তিনি। ওই পরিবারের বাকি সদস্যরা আহত হয়েছেন বলে জানা গেছে।

গত শনিবার (৪ নভেম্বর) গভীর রাতে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে অনাদোলু এজেন্সি।

গাজায় আল-মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় আলাউলের বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এ সময় তার চার সন্তান নিহত হয়। ওই সাংবাদিকসহ তার স্ত্রী, মা-বাবা ও আরেক সন্তান আহত হয়েছেন।

চিকিৎসক জানিয়েছেন, আলাউলের স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাকে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে।

এছাড়া আল-মাগাজি আশ্রয়শিবিরে ইসরায়েলের বোমা হামলায় অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশির ভাগ নারী ও শিশু। শনিবার রাতের এ হামলায় আহত হয়েছে বেশ কয়েকজন। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা এসব তথ্য নিশ্চিত করেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানায়, গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৯ হাজার ৭৭০ হয়েছে, যার মধ্যে ৪ হাজার ৮৮০ জন শিশু।