মিসরের কায়রোর একটি শীর্ষ জাদুঘর থেকে তিন হাজার বছরের পুরনো একটি স্বর্ণের ব্রেসলেট নিখোঁজ হয়েছে। বিষয়টি দেশজুড়ে আলোচনা সৃষ্টি করেছে। প্রত্নতত্ত্ব মন্ত্রণালয় এ বিষয়ে জরুরিভিত্তিতে অনুসন্ধান শুরু করেছে। খবর বিবিসি।

স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী মাসে রোমে শুরু হতে যাওয়া একটি প্রদর্শনীর জন্য জাদুঘরের কর্মীরা যখন প্রত্নবস্তু গোছানোর কাজ করছিলেন, তখনই ব্রেসলেটটি নিখোঁজ হওয়ার বিষয়টি ধরা পড়ে।

প্রত্নতত্ত্ব মন্ত্রণালয় জানিয়েছে, অলঙ্কারটি ফারাও রাজা আমেনেমোপের আমলের। তিনি খ্রিস্টপূর্ব ৯৯৩ থেকে ৯৮৪ সালের মধ্যে প্রাচীন মিশরের ২১তম রাজবংশের শাসক ছিলেন। ব্রেসলেটটি স্বর্ণের তৈরি। এতে নীলকান্তমণির গোলাকার দানা বসানো ছিল। এটি জাদুঘরের পুনরুদ্ধার ল্যাবরেটরি থেকে নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে।

মন্ত্রণালয় আরো জানায়, তদন্তের স্বার্থে ব্রেসলেট নিখোঁজ হওয়ার খবরটি সঙ্গে সঙ্গে প্রকাশ করা হয়নি। তবে সর্বশেষ কবে ব্রেসলেটটি দেখা গেছে, সে বিষয়ে কিছু বলা হয়নি।

এরই মধ্যে ব্রেসলেটটির ছবি মিসরের সব বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্থলসীমান্ত চৌকিতে পাঠানো হয়েছে। একই সঙ্গে একটি বিশেষজ্ঞ কমিটিও গঠন করা হয়েছে। দায়িত্বপ্রাপ্তরা সংরক্ষণাগারে থাকা সব প্রত্নবস্তুর তালিকা মিলিয়ে দেখবে।

1d4b7681-eb44-4f26-8324-2975ba44a5d7

কায়রোর মিশরীয় জাদুঘরে প্রদর্শিত হচ্ছে ফারাও আমেনেমোপের স্বর্ণে মোড়ানো কাঠের অন্ত্যেষ্টিক্রিয়ার মুখোশ

প্রসঙ্গত, কায়রোর মিশরীয় জাদুঘর মধ্যপ্রাচ্যের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক জাদুঘর। এখানে এক লাখ সত্তর হাজারের বেশি প্রত্নবস্তু সংরক্ষিত আছে। এর মধ্যে রাজা আমেনেমোপের স্বর্ণমণ্ডিত কাঠের অন্ত্যেষ্টিক্রিয়া মুখোশও রয়েছে। তবে স্বর্ণের ব্রেসলেট নিখোঁজের ঘটনা ঘটল এমন এক সময়ে, যখন মাত্র ছয় সপ্তাহ পর পার্শ্ববর্তী গিজায় গ্র্যান্ড মিশরীয় জাদুঘর উদ্বোধন হতে যাচ্ছে। সেখানে রাজা তুতেনখামেনের সমাধির বিশ্বখ্যাত সম্পদ প্রদর্শন করা হবে।