ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত
৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে অন্তত ৩০৬ সৈন্য হারিয়েছে তারা। খবর জেরুজালেম পোস্ট।
গত ৭ অক্টোবর হাজার হাজার রকেট ছোড়ার
পাশাপাশি কঠোর নিরাপত্তা বেষ্টনি পার হয়ে ইসরায়েলে ঢুকে পড়ে হামাসের যোদ্ধারা। সেখান
থেকে জিন্মি হিসেবে নিয়ে আসে বাসিন্দাদের।
ইসরায়েলি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল
ড্যানিয়েল হাগার আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) নিহত সেনা ও অপহৃতের তথ্য জানান। তিনি
বলেন, গাজায় বন্দি থাকা ২০৩ জন ইসরায়েলির বিষয়ে তাদের পরিবারকে জানানো হয়েছে।
এদিকে গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের
মুখপাত্র আশরাফ আল-কেদরা সংবাদ সম্মেলনে জানান, ইসরায়েলি হামলায় গাজায় তিন হাজার ৪৭৮
জন নিহত হয়েছেন ও আহত হয়েছেন ১২ হাজার ৬৫ জন। হতাহতের মধ্যে ৭০ শতাংশই শিশু, নারী ও
বৃদ্ধ।
ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে, আল-আহলি
ব্যাপ্টিস্ট হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৪৭১ জন নিহত হয়েছেন।
তবে গতকালের পরিসংখ্যানে হাসপাতালে
বোমা হামলা অন্তর্ভুক্ত কিনা তা স্পষ্ট নয়।
গত ৭ অক্টোবর হামাস ‘অপারেশন আল-আকসা
ফ্লাড’ শুরু করে। অতর্কিতভাবে তারা ভূমি, সমুদ্র ও আকাশপথে ইসরায়েলে রকেট হামলা ও
প্রবেশ করে। আল-আকসা মসজিদে হামলা ও ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতার
প্রতিশোধ হিসেবে এ হামলা বলে উল্লেখ করে সশস্ত্র গোষ্ঠীটি। সংঘাতে ইসরায়েলে এক হাজার
৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।










