গাজা উপত্যকায় তৃতীয়বারের মতো সব যোগাযোগ
ও ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করা হয়েছে। গতকাল রোববার (৫ নভেম্বর) ফিলিস্তিনি
টেলিযোগাযোগ কোম্পানি প্যালটেল বলেছে, পুনরায় সংযোগ দেয়া যোগাযোগ ব্যবস্থা আবারও বিচ্ছিন্ন
করে দিয়েছে ইসরায়েল। খবর আলজাজিরা।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ)
দাবি তারা পুরো গাজাকে ঘিরে ফেলেছে। গতকাল সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের
জানিয়েছেন, উত্তর ও দক্ষিণ গাজাকে ঘিরে ফেলেছে সেনারা। আগামী ৪৮ ঘন্টার মধ্যে তারা
শহরে প্রবেশ করবে।
এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে গাজায়
তৃতীয় বারের মতো যোগাযোগ বিচ্ছিন্ন করেছে ইসরায়েল। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার
মুখপাত্র জুলিয়েট তোমা জানিয়েছেন, এর আগে প্রথমবার ৩৬ ঘণ্টা ও দ্বিতীয়বার আরো কয়েক
ঘণ্টার জন্য যোগাযোগ বিচ্ছিন্নতায় ছিল গাজা শহর।
এদিকে ইন্টারনেট ও ফোন সংযোগ বিচ্ছিন্নের
পর ইসরায়েলের সম্ভাব্য বিস্তৃত পরিসরে ‘অপরাধ সংগঠনের পরিকল্পনার’ বিষয়ে সতর্ক করে
দিয়েছে প্যালেস্টাইনিয়ান জার্নালিস্টস সিন্ডিকেট।
গত ৭ অক্টোবর অতর্কিত হামলার মাধ্যমে
‘অপারেশন আল-আকসা ফ্লাড’ শুরু করে গাজার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। এরপর সর্বাত্মক
যুদ্ধে নামে ইসরায়েল।
হামাসের হামলায় ইসরায়েলি পক্ষে এক হাজার
৪০০ এর বেশি মানুষ নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছেন প্রায় ১০
হাজার ফিলিস্তিনি। যাদের বেশির ভাগই নারী ও শিশু। এছাড়া হাজার হাজার মানুষ নিখোঁজ বা
আহত হয়েছেন।










