ইসরায়েলি হামলার মুখে গাজা উপত্যকা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। একদিনেই বিমান হামলায় শিশু ও নারীসহ প্রাণ হারিয়েছেন অন্তত ৩০০ জন। আহত হয়েছেন আরো ৮০০ জন। গতকাল শনিবার (১৪ অক্টোবর) দেশটির স্বাস্থমন্ত্রী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসি।

হামাস-ইসরায়েলের সপ্তম দিনে গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলায় নিহতের সংখ্যা দুই হাজারেরও বেশি। ফিলিস্তিনি এক কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলের হামলায় গাজা অঞ্চলে নিহতের সংখ্যা দুই হাজার ২০০ জনেরও বেশি।

অপরদিকে ইসরায়েলে হামাসের হামলায় নিহত হয়েছেন এক হাজার ৩০০ জন। আহত হয়েছেন অন্তত তিন হাজার ৪০০ জন।

এদিকে ইসরায়েলি বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, গাজায় এবার একযোগে স্থল, আকাশ ও সমুদ্রপথে হামলার পরিকল্পনা করেছেন তারা। তবে এ হামলার সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত শুক্রবার উত্তর গাজার ১১ লাখ অধিবাসীকে অঞ্চলটি ত্যাগ করার জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয় ইসরায়েল। কিন্তু ওই সময় শেষ হওয়ার আগেই তাদের হামলায় কয়েকশ’ ফিলিস্তিনি নিহত হন।