যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় গাড়ি উৎপাদনকারী কোম্পানি হুন্দাইয়ের একটি কারখানায় অভিযান চালিয়ে ৪৭৫ জনকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। আটকদের বেশিরভাগই কোরিয়ান নাগরিক। খবর বিবিসি।

এদিকে এ অভিযান নিয়ে ‘উদ্বেগ ও ক্ষোভ’ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। সেইসঙ্গে তাদের নাগরিকদের অধিকারের প্রতি সম্মান জানাতে মার্কিন সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বিবিসিকে জানিয়েছে, ‘বেআইনিভাবে কর্মসংস্থানের সুযোগ বন্ধ ও অন্য গুরুতর ফেডারেল অপরাধের’ অভিযোগে এজেন্টরা একটি তল্লাশি পরোয়ানা কার্যকর করেছে।

আটলান্টায় হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনের দায়িত্বে থাকা স্পেশাল এজেন্ট স্টিভ শ্রাংক শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, এটি এমন কোনো অভিবাসন অভিযান ছিল না যেখানে আমাদের এজেন্টরা ও এলাকায় ঢুকে ঘেরাও করে লোকজনকে ধরে বাসে তুলে নিয়ে গেছে। বরং এটি বহু মাস ধরে চলমান একটি তদন্ত। তিনি আরো জানান, এ অপরাধের অনুসন্ধান চালানোর জন্য বিচার বিভাগীয় অনুমতি পেতে বহু মাস ধরে প্রমাণ সংগ্রহ করেছি, সাক্ষাৎকার নিয়েছি, নথি সংগ্রহ করেছি, সেই প্রমাণ উপস্থাপন করেছি।

শুক্রবার ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তারা অবৈধ অভিবাসী ছিল। আরআইসিই (অভিবাসন কর্তৃপক্ষ) কেবল তার কাজ করেছে। একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে চাই। সেইসঙ্গে আমরা একটি দুর্দান্ত, স্থিতিশীল কর্মীবাহিনী চাই। তিনি বলেন, এরা (কর্মীরা) বাইডেনের শাসনামলে অবৈধভাবে এসেছে।

এক বছর ধরে সেখানে বৈদ্যুতিক যানবাহন তৈরির কাজ করছিল হুন্দাই মোটর কোম্পানি। এক বিবৃতিতে তারা জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আটকদের কেউই সরাসরি হুন্দাইয়ের নিয়োগ করা কর্মী নন বলেও নিশ্চিত করেছে তারা।