অল্প সময়ে ১৫৬ কেজি থেকে ১০০ কেজি ওজন
ঝরাতে চেয়েছিলেন চীনা স্যোশাল মিডিয়া সেলিব্রিটি কুইহুয়া। তাড়াহুড়া হয়েছে তার জন্য
কাল, হারাতে হলো প্রাণ। এই ঘটনাকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে দেশটির কর্তৃপক্ষ। খবর
সিএনএন।
মূলত অনুসরণকারীদের উৎসাহ জোগাতে অল্প
সময়ে অর্ধেকেরও বেশি ওজন কমানোর চেষ্টা করছিলেন কুইহুয়া। এ জন্য উত্তর-পশ্চিম চীনে
একটি বুট ক্যাম্পে যোগদান করেন। সেখানেই মারা যান।
এ ঘটনায় ‘স্যোশাল মিডিয়া
প্রভাবক’ শিল্পকে কীভাবে
নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে বিতর্কের শুরু হয়েছে। চীনের রাষ্ট্রীয় মিডিয়া ওজন-কমানোর
ক্যাম্পের নিরাপত্তা ঝুঁকি ও নারীদের সৌন্দর্যের জন্য সৃষ্ট চাপের বিষয়ে উদ্বেগ প্রকাশ
করেছে।
কয়েক সপ্তাহ আগে চীনের আরেক সোশ্যাল মিডিয়া
প্রভাবক আলোচনায় আসেন। ওই যুবক লাইভ-স্ট্রিমিংয়ের সময় কয়েক বোতাল কড়া অ্যালকোহল পান
করে মারা যান।
টিকটকের চীনের সংস্করণ ডউয়িনে বেশ জনপ্রিয়
ছিলেন কুইহুয়া। সেখানে সম্প্রতি নিজের নিবিড় অনুশীলনের বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেন।
জানান, তার ওজন ১৫৬ কেজি। সেখান থেকে ১০০ কেজি কমানোর চেষ্টা করছেন।
কুইহুয়ার পারিবারিক নাম ঝোউ। ওজন কমানোর
লক্ষে তিনি বিভিন্ন শহরে বেশ কয়েকটি ক্যাম্পে যোগ দেন। দুই মাসে ২৭ কেজিরও বেশি ওজন
কমিয়েছেন।
২১ বছর বয়সী কুইহুয়া মৃত্যুর মাত্র দুইদিন
আগে শানসি প্রদেশে চূড়ান্ত ক্যাম্পে যোগ দিয়েছিলেন। তবে ক্যাম্প কর্তৃপক্ষ বলছে,
তারা পুষ্টিকর খাবার, বিশ্রাম ও স্বাস্থ্যকর ব্যায়ামের প্রচার করে। কিন্তু কুইহুয়া
বেশি ব্যায়ামে গুরুত্ব দিলেও খাদ্য সীমিত করে ফেলেন।
এরই মধ্যে কুইহুয়ার অ্যাকাউন্ট থেকে প্রশিক্ষণের
ভিডিও ও ছবি মুছে ফেলা হয়েছে।










