রাশিয়ার দক্ষিণ-পশ্চিম সীমান্তের কাছে বেলগোরদ শহরে উড়োজাহাজ হামলা চালিয়েছে ইউক্রেন। মস্কো জানিয়েছে, শনিবারের ওই হামলায় ২০ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। খবর বিবিসি। 

অঞ্চলটির গভর্নর জানান, আক্রমণের পর রাশিয়ায় সবচেয়ে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইউক্রেন। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। তবে ইউক্রেনের একটি নিরাপত্তা সূত্র জোর দিয়ে বলেছে, শনিবারের অভিযানে শুধু সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করা হয়েছে।

শুক্রবার ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৩৯ জন নিহত হওয়ার পর এ হামলা চালানো হয়। দুই পক্ষের চলমান যুদ্ধে এটি এখন পর্যন্ত রাশিয়ার সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র বোমা হামলা বলে দাবি করেছে কিয়েভ।

মস্কো অভিযোগ করেছে, বেলগোরদ হামলায় ইউক্রেন ও চেক রকেটসহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করা হয়েছে। ইউক্রেনের একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, ইউক্রেনের শহরগুলোয় হামলার জবাবে রাশিয়ার লক্ষ্যবস্তুতে ৭০টির বেশি ড্রোন হামলা চালানো হয়েছে।

বেলগোরদের পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে সূত্রটি রাশিয়ান বিমান প্রতিরক্ষা বাহিনীর কার্যকলাপের সমালোচনা করেছে। বেসামরিক নাগরিকদের হতাহতের এ ঘটনাকে রাশিয়ার বিমান বাহিনীর অদক্ষতার নজির বলে দাবি করেছে ইউক্রেনের নিরাপত্তা সূত্র। তারা জানায়, রাশিয়ার সামরিক বাহিনীর ভঙ্গুর অবস্থার কারণে এ রকম ঘটনা ঘটেছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিষয়টি জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন তার মুখপাত্র। রাশিয়ার অনুরোধে শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতিসংঘে রাশিয়ার দূত ভ্যাসিলি নেবেনজিয়া ইউক্রেনকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইচ্ছাকৃত ও নির্বিচার হামলা চালানোর অভিযোগ করেন। তবে ইউক্রেনের মিত্ররা দাবি করেছে, ইউক্রেন আইনগতভাবে নিজেকে রক্ষা করছে এবং পুতিন এসব মৃত্যুর জন্য দায়ী। জাতিসংঘের কর্মকর্তারা দ্ব্যর্থহীনভাবে উভয় পক্ষের বেসামরিক নাগরিকদের ওপর হামলার নিন্দা করে বলেন, এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

বেলগোরদের গভর্নর জানান, গত দুই বছরের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ বোমা হামলার ঘটনা। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধক্ষেত্রের ক্ষয়ক্ষতির প্রতিশোধ নিতে ইউক্রেন এ হামলা চালিয়েছে।

শনিবার ইউক্রেনের খেরসন অঞ্চলের গভর্নর জানান, একটি আবাসিক ভবনে রাশিয়ার গোলাবর্ষণে একজন নিহত হয়েছে। একই সময়ে ইউক্রেনের খারকিভ শহরে রাশিয়ার হামলায় ১৯ জন আহত হয়েছে। খারকিভের আঞ্চলিক প্রশাসনের প্রধান বলেছেন, রাশিয়া ওই শহরে ছয়টি রকেট হামলা চালিয়েছে।

 তিনি আরো জানান, আহতদের মধ্যে দুই শিশু ও একজন বিদেশী নাগরিক রয়েছে। 

এর আগে রাশিয়া জানায়, বেলগোরদে আগত ১৩টি ক্ষেপণাস্ত্র ও রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ৩২টি ড্রোন ধ্বংস করা হয়েছে। ব্রায়ানস্কের গভর্নর জানিয়েছে, সামরিক সরঞ্জামের জন্য ব্যবহৃত একটি ইলেকট্রনিকস কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেন খুব কমই আন্তঃসীমান্ত হামলার কথা স্বীকার করে। কিন্তু সাম্প্রতিক মাসগুলোয় সীমান্ত এলাকায় ড্রোন হামলার জন্য মস্কো বারবার অভিযোগ করেছে।