শক্তিশালী ঘূর্ণিঝড় মোখার আঘাতে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে কয়েকশ মানুষ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৬ মে) স্থানীয় বাসিন্দা, একটি ত্রাণ সংস্থা ও গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, গত রোববার (১৪ মে) ঘণ্টায় সর্বোচ্চ ২১০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে রাখাইনে আঘাত হানে মোখা। এতে রাজ্যটির রাজধানী সিত্তুয়ের ঘরবাড়ির ছাদ উড়ে যায় এবং শহরটি জলোচ্ছ্বাসে প্লাবিত হয়। এতে রাখাইনে কয়েকশ মানুষ নিহত হওয়ার পাশাপাশি কয়েকটি অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বেসরকারি ত্রাণ সংস্থা (এনজিও) পার্টনার্স বিভিন্ন এলাকায় থাকা কর্মীদের উদ্ধৃত করে টুইটারে জানিয়েছে, বহু মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। তাদের পোস্ট করা একটি ভিডিওতে ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে।
স্বতন্ত্রভাবে হতাহতের সংখ্যা যাচাই করতে পারেনি বলে জানিয়েছে রয়টার্স।
তবে স্থানীয় সময় গতকাল মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানায়, মোখায় মাত্র তিনজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে নিউজ পোর্টাল মিয়ানমার নাউ জানিয়েছে, ঘূর্ণিঝড়ে ২২ জন রোহিঙ্গা নিহত হয়েছেন।
মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম আজ হতাহতের বিষয়টি উল্লেখ না করে শুধু জানিয়েছে, জান্তা প্রধান মিন অং হ্লাইং ক্ষয়-ক্ষতি দেখতে সিত্তুয়ে পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি অর্থ দান করেছেন এবং ত্রাণ কাজের ক্ষেত্রে নির্দেশনা দিয়েছেন।
জাতিসংঘের মানবিক বিষয়ক দপ্তর ওসিএইচএ জানিয়েছে, ঝড়ের আগে থেকেই রাখাইনের প্রায় ৬০ লাখ মানুষের মানবিক সহায়তা দরকার ছিল, এদের মধ্যে জাতিগত হানাহানিতে অভ্যন্তরীণভাবে উদ্বাস্তু হয়ে পড়া প্রায় ১২ লাখ মানুষও আছেন।
নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় পরিচয় প্রকাশে অনিচ্ছুক রাখাইনের এক বাসিন্দা রয়টার্সকে জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের পর তিনি অনেকগুলো গ্রামে ঘুরেছেন এবং তার ভিত্তিতে বলতে পারেন, শতাধিক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। তিনি বলেন, ‘ঝড়ের কারণে বহু লোক নিখোঁজ রয়েছেন। আমরা এখনও কোনো সাহায্য পাইনি।’
স্থানীয় আরো দুই বাসিন্দা জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে বহু সংখ্যক মানুষ নিহত হয়েছেন। পরিস্থিতি সম্পর্কে অবহিত এক কূটনৈতিক সূত্রও রয়টার্সকে এমনটি জানিয়েছে, তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।










