ব্রিটিশ ফ্যাশন ব্র্যান্ড স্টেলা ম্যাককার্টনির বিক্রি গত বছর এক-চতুর্থাংশের বেশি কমেছে। এতে বেড়েছে আর্থিক ক্ষতি। কোম্পানিটি জানিয়েছে, এ পরিস্থিতি অব্যাহত থাকলে ২০২৮ সালের মধ্যে ম্যাককার্টনির পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ বা তহবিল শেষ হয়ে যেতে পারে। খবর দ্য গার্ডিয়ান।
সংগীতজ্ঞ পল ম্যাককার্টনির কন্যা স্টেলা ম্যাককার্টনির নামে প্রতিষ্ঠিত নামি এ ব্র্যান্ড। ২০২৪ সালে ব্রিটিশ ফ্যাশন ব্র্যান্ডটির কর-পূর্ব লোকসান দাঁড়িয়েছিল ৩ কোটি ৩৬ লাখ পাউন্ডে, যা আগের বছরের ২ কোটি ৫০ লাখ পাউন্ডের তুলনায় অনেকটা বেশি। একই সময় কোম্পানির বিক্রি ২৭ শতাংশ কমে ১ কোটি ৬০ লাখ পাউন্ডে নেমে আসে।
ব্র্যান্ডের সাম্প্রতিক লোকসানের খবর এমন এক সময় এসেছে, যখন এর পরিচালকরা সতর্ক করেছেন যে ২০২৮ সালের মধ্যে কোম্পানির নগদ অর্থ শেষ হয়ে যেতে পারে। এমনকি প্রতিষ্ঠানটির প্যারেন্ট সংস্থা অনিন স্টার হোল্ডিং ঋণ ফেরত না নিলেও এ পরিস্থিতি এড়ানো যাবে না।
স্টেলা ম্যাককার্টনি ২০১৭ সাল থেকে কোনো মুনাফা করছে না। ফলে আগামী দিনে ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য কোম্পানিটির অতিরিক্ত অর্থ বা তহবিলের প্রয়োজন হতে পারে। এ বিষয়ে কয়েক বছর ধরে সতর্কবার্তা দিচ্ছে ব্র্যান্ডটি।
পরিচালকরা জানিয়েছেন, নীতিগত অবস্থান ও পশুজাত পণ্য ব্যবহার না করার জন্য পরিচিত কোম্পানিটি কিছু বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে। এতে করে নগদ অর্থ দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যাবে। তবে তারা স্বীকার করেছেন, ব্যবসার দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করার জন্য তহবিলের বিকল্প উৎস বিবেচনা করতে হতে পারে।
১ হাজার পাউন্ডে ‘ভেগান ব্যাগ’ বিক্রির জন্য পরিচিত স্টেলা ম্যাককার্টনি। কোম্পানিটি বলছে, যুক্তরাজ্যে ও নিজস্ব স্টোরগুলোয় কোম্পানির বিক্রি বেড়েছে। অন্যদিকে রয়্যালটি ও পাইকারি আয় কমে যাওয়ায় মোট বিক্রি কমে গেছে।










