ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি হাইস্কুল কমপ্লেক্সের মসজিদে বিস্ফোরণে ৫৪ জন আহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজের সময় এ বিস্ফোরণ ঘটে। খবর বিবিসি।

জাকার্তা শহরের পুলিশ প্রধান জানান, আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে কেউ সামান্য, কেউ গুরুতর আহত এবং কয়েকজন দগ্ধ হয়েছেন।

দেশটির ডেপুটি হাউস স্পিকার সুফমি দাস্কো আহমাদ বলেন, বিস্ফোরণের ঘটনায় ১৭ বছর বয়সী এক তরুণকে সন্দেহ করা হচ্ছে। তিনি নিজেও আহত হয়ে হাসপাতালে আছেন।

জাকার্তা মহানগর পুলিশ এখনো বিস্ফোরণের পেছনের উদ্দেশ্য অনুসন্ধান করছে। রাষ্ট্র পরিচালিত ওই হাইস্কুল কমপ্লেক্সে প্রমাণ সংগ্রহ এবং অন্য কোনো বিস্ফোরক রয়েছে কি না তা নিশ্চিত করতে বোমা নিষ্ক্রিয়কারী দল মোতায়েন করা হয়েছে।

ইন্দোনেশিয়ার সরকারি সংবাদ সংস্থা আন্তারাকে এক শিক্ষার্থী জানিয়েছেন, ওই সন্দেহভাজন ছাত্রকে প্রায়ই অন্যরা হয়রানি করত। ঘটনার দিন সে নিজে বোমা তৈরি করে নিয়ে এসেছিল। অন্য শিক্ষার্থীরা জানান, ওই ছাত্র একা থাকত ও সহিংসতার ছবি আঁকতে ভালোবাসত। বিস্ফোরণের পর তাকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়।

জাকার্তা মহানগর পুলিশের এক সিনিয়র কর্মকর্তা ঘটনাস্থলে বন্দুকসদৃশ্য দুটি বস্তু পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।