বিশ্বের প্রথম দেশ হিসেবে সুপারমার্কেটে
প্লাস্টিকের ব্যাগের ব্যবহারের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে নিউজিল্যান্ড। এখন থেকে
ফল বা শাকসবজি বিক্রিতে প্লাস্টিকের পাতলা মোড়ক দেয়া যাবে না। খবর বিবিসি।
গত শনিবার (১ জুলাই) কার্যকর হওয়া পদক্ষেপটি
একক-ব্যবহারের প্লাস্টিকের বিরুদ্ধে নিউজিল্যান্ড সরকারের নেয়া সুদূরপ্রসারী উদ্যোগের
অংশ।
২০১৯ সালে বাড়িতে পণ্য নেয়ার ক্ষেত্রে
প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ হওয়ার পর এখন বেশিরভাগ ক্রেতাই নিজস্ব ব্যাগ নিয়ে দোকানে
আসেন। তবে সমালোচকরা চান এখনই সব ধরনের একক ব্যবহারের প্লাস্টিক নিষিদ্ধ হোক।
গত কয়েক বছরে প্লাস্টিকের ব্যাগের ওপর
ফি বা নিষেধাজ্ঞা আরোপ করেছে অনেক দেশ। যার মধ্যে নিউজিল্যান্ডের ভূমিকা উল্লেখযোগ্য।
‘নিউজিল্যান্ড অত্যধিক প্লাস্টিক বর্জ্য উৎপাদন করে’, এ মন্তব্য দেশটির
সহযোগী পরিবেশমন্ত্রী রাচেল ব্রুকিংয়ের। সঙ্গে যোগ করেন, ২০১৯ সালে মোটা ব্যাগের ওপর
নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকে ১০০ কোটির বেশি প্লাস্টিকের ব্যাগ ব্যবহার রোধ হয়েছে।
আশা করছেন, নতুন পদক্ষেপের কারণে বছরে
১৫ কোটি প্লাস্টিকের ব্যাগ রোধ হবে।
সুপারমার্কেট চেইন কাউন্টডাউন সারা দেশে
১৮৫টিরও বেশি স্টোর পরিচালনা করে। এরই মধ্যে তারা পুনরায় ব্যবহারযোগ্য পলিয়েস্টার
ব্যাগ বিক্রি শুরু করেছে। প্রতিষ্ঠানটি আশা করছে, এ উদ্যোগ ক্রেতাদের ফল ও সবজি ক্রয়ে
একই ব্যাগ পুনরায় ব্যবহারে উৎসাহিত করবে।
নিউজিল্যান্ড সরকার জলবায়ু পরিবর্তন মোকাবেলায়
আরো কিছু উদ্যোগ দিয়েছে। গত অক্টোবরে খামারের প্রাণীদের উৎপাদিত গ্রিনহাউস গ্যাসের
ওপর কর আরোপের প্রস্তাব করেছিল।
সরকারি উদ্যোগ বাস্তবায়িত হলে ২০২৫ সালের
মধ্যে কৃষি ক্ষেত্র থেকে গ্রিন হাউস গ্যাস নির্গমনের বিপরীতে অর্থ দিতে হবে। দেশটির
মোট নির্গমনের অর্ধেকের জন্য দায়ী কৃষি শিল্প।










