প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গায় ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে হতাহত বা ক্ষয়-ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (১১ মে) ভোর রাতে দেশটি কেঁপে ওঠে। খবর স্কাই নিউজ।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, টোঙ্গার প্রত্যন্ত আগ্নেয়গিরির দ্বীপ নিউয়াটোপুটাপু থেকে ৯৫ কিলোমিটার দূরে আঘাত হানে এ ভূমিকম্প। যার উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২১২ কিলোমিটার গভীরে।

এতে সুনামির কোনো ঝুঁকি ছিল না বলেও জানায় ভূতাত্ত্বিক জরিপ সংস্থাটি।

ভূমিকম্পের পর ৫ দশমিক ১ মাত্রার আফটারশক অনুভূত হয় বলে জানা গেছে।

টোঙ্গার বাসিন্দারা জানান, ভোরে কম্পনে জেগে উঠেন। ওই সময় আশপাশের এলাকাগুলোও কেঁপে ওঠে। পাশের সামোয়ার রাজধানী অ্যাপিয়ার উপকেন্দ্র থেকে প্রায় ৩৬০ কিলোমিটার দূরবর্তী এলাকায়ও ভূমিকম্পটি অনুভূত হয়।

চলতি বছরে তুরস্ক-সিরিয়ায় আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের এটি দ্বিতীয় বৃহত্তম ভূমিকম্প। এ ঘটনায় ৬০ হাজার মানুষ প্রাণ হারায়। এর ২০১০ সালে দ্বীপরাষ্ট্র হাইতিতে প্রলয়ংকরী ভূকম্পনে আড়াই লাখ বাসিন্দা মারা যায়।

টোঙ্গা ও সামোয়া প্রশান্ত মহাসাগরে ‘রিং অফ ফায়ার’ নামে পরিচিত অঞ্চলে অবস্থিত। এ এলাকায় টেকটোনিক প্লেটগুলি প্রায়শই স্থানান্তরিত হয়ে ভূমিকম্প সৃষ্টি করে।