ইউরোপের সবচেয়ে জনপ্রিয় পাখিগুলোর একটি— সুইফট। দেখতে
অনেকটা উপমহাদেশীয় ফিঙের মতো পাখিটি নানা কারণে আলোচিত। বলা হয়, ‘এ পাখি সারা জীবন
আকাশেই কাটায়।’ অর্থাৎ এরা মাটিতে নামেই না। আক্ষরিক অর্থে এ কথা সত্যি না হলেও সুইফট
সত্যিই এমন পাখি, যারা জীবনের খুব অল্প সময়ই মাটিতে কাটায়।
প্রতি জুলাইয়ে এরা ইউরোপ থেকে আফ্রিকার পশ্চিম
ও মধ্যাঞ্চলের দিকে উড়ে যায়। এই তিন মাসের যাত্রায় এরা একটিবারের জন্যও থামে না, পা
ছোঁয়ায় না মাটিতে। ওড়ার মধ্যেই বাতাসে ভাসতে থাকা কীটপতঙ্গ খায়, পিপাসা পেলে উড়ন্ত
অবস্থায়ই চুমুক দিয়ে পানি খেয়ে নেয়। উঁচু থেকে নিচের দিকে নামার সময়টুকুতেই ঘুমিয়ে
নেয় তারা। উড়ন্ত অবস্থায়ই সঙ্গীর সাথে মেশে এবং যাবতীয় কাজ সেরে নেয়। উড়তে উড়তেই বন-পাহাড়-সমুদ্র
পেরিয়ে আফ্রিকা পৌঁছায় তারা।
ডানা অনেক বেশি লম্বা আর পা জোড়া খুব ছোট
বলে এরা সমতল থেকে উড়াল দিতে পারে না। আবার ভূমিতেও নামতে পারে না। তবে আবহাওয়া খারাপ
হলে বা কোনো গুরুত্বপূর্ণ সমস্যার কারণে মাঝে মাঝে মাটিতে নামতেও হয় আকাশচারী পাখিদের।
প্রাণী হিসেবে পাখিদেরও ঘুমের প্রয়োজন,
বেশির ভাগ সময় ওড়ার পেছনে শক্তি ব্যবহার করার ফলে পাখিদের আয়ু কমে আসে। কিন্তু সুইফট
পাখির ক্ষেত্রে এ কথা খাটে না। উষ্ণ বাতাসের প্রবাহে উড়ে সুইফটরা প্রায় বিশ বছর পর্যন্ত
বেঁচে থাকে।
শীতকালীন দীর্ঘ সফর শেষে সুইফটরা সাধারণত
বসন্তে ইউরোপে ফিরে আসতো। কিন্তু সম্প্রতি এসব পাখি ফিরে আসছে অন্তত তিন সপ্তাহ আগেই।
আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিস্থিতি
এক ভয়াবহ জলবায়ু সংকটের ইঙ্গিত দিচ্ছে।
ইউরোপে সাধারণত বসন্ত শুরু হয় মার্চে। এবারের
বসন্তেও সুইফটদের একটি প্রজাতি— আলপাইন সুইফটের একটি দল দক্ষিণ ইউরোপে ফিরতে
শুরু করেছে। প্রতি বসন্তেই কিছু কিছু আলপাইন সুইফট এই এলাকায় ফেরে। তবে সত্যি বলতে
দক্ষিণ ইউরোপের ওই এলাকাটিতে সুইফট পাখির উপস্থিতি সাধারণত বিরল। নব্বইয়ের দশকে হয়তো
ওই এলাকায় গুটিকয় সুইফটের দেখা মিলতো। একইভাবে শীত শেষ হতেই কিছু সুইফট দেখা গিয়েছে
ইউরোপের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা স্কটল্যান্ড ও এর আশপাশের এলাকায়।
কেউ কেউ বলছেন, দক্ষিণ-পশ্চিমা বায়ুপ্রবাহের
ফলে তারা ওই এলাকাগুলোতে গিয়ে থাকতে পারে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এটি তাদের ওই
এলাকায় যাওয়ার একমাত্র কারণ হতে পারে না।
তাদের মতে, ভূমধ্যসাগরীয় এলাকার উপযোগী জলবায়ুর এ পাখিগুলো এখন আর সেখানে উপযুক্ত পরিবেশ পাচ্ছে না। এ কারণেই তাদের বাসা বাঁধার জন্য অন্যান্য জায়গা খুঁজতে হচ্ছে। বলা হচ্ছে, জলবায়ু সংকটে অস্তিত্বরক্ষার তাগিদ এ ধরনের পাখিগুলোকে আরো সমতল এলাকার দিকে পাঠিয়ে দিতে পারে।










