হার্ভার্ড ইউনিভার্সিটিতে বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমতি বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে সেখানে অধ্যায়নরত বিদেশি শিক্ষার্থীদের অন্য কোনো প্রতিষ্ঠানে স্থানান্তরের নির্দেশ দেয়া হয়েছে। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (২২ মে) যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, হার্ভার্ড আর কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। আর বর্তমানে যেসব বিদেশি শিক্ষার্থী ভর্তি রয়েছেন, তাদের অবশ্যই স্থানান্তর করতে হবে। না হলে তারা আইনগত বৈধতা হারাবেন।

হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে হার্ভার্ডের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম (এসইভিপি) সার্টিফিকেশন বাতিলের নির্দেশ দিয়েছেন সেক্রেটারি ক্রিস্টি নোয়েম।

শুধু তাই নয়, স্বনামধন্য এ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সন্ত্রাস, ইহুদি-বিদ্বেষ ও চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে সমন্বয় করার অভিযোগ তুলেছেন নোয়েম। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, আইন মেনে চলতে ব্যর্থ হয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। তাই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে বিদেশি শিক্ষার্থী ভর্তি করতে দেয়া হবে না। এটি যুক্তরাষ্ট্রের সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি সতর্কবার্তা।

ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্ত হার্ভার্ডে অধ্যয়নরত হাজার হাজার আন্তর্জাতিক শিক্ষার্থীর ওপর প্রভাব ফেলতে পারে। বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, গত শিক্ষাবর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে প্রায় ৭ হাজার বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছিলেন। এটি গত শিক্ষাবর্ষে ভর্তি মোট শিক্ষার্থীর ২৭ দশমিক ২ শতাংশ।

এদিকে ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্তকে ‘অবৈধ’ ও ‘প্রতিশোধমূলক’ বলে আখ্যায়িত করে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।