মেক্সিকোর হাসপাতালে কসমেটিক সার্জারি থেকে ছত্রাকের প্রাদুর্ভাব ঘটায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। খবর বিবিসি।

এপিডিউরাল অ্যানেস্থেশিয়ার সাহায্য নিয়ে অস্ত্রোপচার করার পর মেনিনজাইটিসে মারা গেছেন দুজন। বিষয়টি উল্লেখ করে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানায়, দেশটিতে পর্যবেক্ষণে রয়েছে প্রায় ৪০০ জন।

এ পরিস্থিতিতে মেক্সিকান শহর মাতামোরোসের দুটি কসমেটিক ক্লিনিক বন্ধ করে দেয়া হয়েছে।

গত জানুয়ারি থেকে ওই দুই হাসপাতালে সার্জারির সময় এপিডিউরাল অ্যানেস্থেশিয়ার সাহায্য নেয়া ব্যক্তিদের সম্পর্কে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। বলা হচ্ছে, রোগের উপসর্গ না থাকলেও তাদের পরীক্ষা করতে হবে।

লাইপোসাকশন, ব্রেস্ট অগমেন্টেশন ও ব্রাজিলিয়ান বাট লিফটের মতো কসমেটিক সার্জারির জন্য মেক্সিকোর ক্লিনিকগুলো বেশ জনপ্রিয়। এ সব অস্ত্রোপচারের ক্ষেত্রে মেরুদণ্ডের চারপাশে একটি চেতনানাশক ইনজেকশন প্রয়োজন হয়। যাকে এপিডিউরাল অ্যানেস্থেশিয়া বলা হচ্ছে।

মূলত সার্জারি খরচ কম হওয়ায় মেক্সিকোর হাসপাতালগুলো বেছে নেন মার্কিন নাগরিকরা।

চেতনানাশক ব্যবহারের এমন বিপত্তি নতুন নয়। গত অক্টোবরে সিজারিয়ান প্রসবে ব্যবহৃত চেতনানাশক ওষুধের একটি ব্যাচ একই ছত্রাক দ্বারা সংক্রামিত হয়েছিল। তখন মেক্সিকান রাজ্য দুরাঙ্গোয় ৩৯ জন মারা যায়।

ছত্রাকজনিত মেনিনজাইটিসের প্রাথমিক লক্ষণ হলো মাথাব্যথা, জ্বর, বমি, ঘাড়ে ব্যথা ও চোখে ঝাপসা দেখা। এই রোগ সংক্রামক নয়, চিকিৎসাও প্রতুল। কিন্তু একবার লক্ষণ দেখা দিলে দ্রুত জীবননাশের কারণ হতে পারে।