সোমালিয়া উপকূলে নিখোঁজ হয়েছেন দুই মার্কিন নাবিক। গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) এক অভিযানের যাওয়ার পর থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ইউএস সেন্ট্রাল কমান্ডের বরাতে খবরটি প্রকাশ করেছে সিএনএন।

সেন্ট্রাল কমান্ড গতকাল শুক্রবার এক বিবৃতিতে জানায়, নাবিকদের খুঁজে বের করতে অনুসন্ধান ও অভিযান জারি রাখা হয়েছে। 

বিবৃতিটি খুবই সংক্ষিপ্ত ছিল। নিখোঁজের আগে নাবিকরা ওই এলাকায় কী করছিল, তা নিয়ে কোনো অতিরিক্ত তথ্য দেযোনি। তবে এটুকু বলা হয়েছে যে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিট এলাকায় নিযুক্ত ছিল ও বিভিন্ন ধরনের অভিযানে কাজ করছিল তারা।

নাম-পরিচয় উল্লেখ না থাকা প্রসঙ্গে বলা হয়, নিখোঁজদের পরিবারের প্রতি সম্মান বজায় রেখে এ সময়ে আমরা আর কোনো তথ্য প্রকাশ করব না।

সোমালিয়ার ইসলামপন্ত্রী সশস্ত্র গোষ্ঠী আল-শাবাবের বিরুদ্ধে ওই এলাকায় একাধিক অভিযান পরিচালনা করেছিল মার্কিন বাহিনী। সংগঠনটি দেশটির সেনাবাহিনীর সঙ্গেও লড়ছে।

সোমালি বাহিনীকে প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি আল-শাবাবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রয়োজনীয় সহায়তাও দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

ইউএস আফ্রিকা কমান্ড জানায়, আল-শাবাব হলো বিশ্বের বৃহত্তম ও সক্রিয় আল-কায়েদা নেটওয়ার্ক। মার্কিন নিরাপত্তা স্বার্থের জন্য তারা হুমকিস্বরূপ।