বড় দিনের ছুটিতে অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে প্রবল ঝড়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন। এছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো একজন। স্থানীয় সময় বুধবার (২৭ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর রয়টার্স।

প্রবল ঝড়ে ওই অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েক হাজার ঘর-বাড়ি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, গত ২৫ ও ২৬ ডিসেম্বর ভিক্টোরিয়া, দক্ষিণ ওয়েলস এবং কুইন্সল্যান্ড অঞ্চলে প্রবল বাতাসের মাধ্যমে ঝড়ের সূত্রপাত হয়। এরপর শুরু হয় প্রবল বৃষ্টি এবং বজ্রপাত। যাতে ওসব এলাকায় গাছ ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়ি।

কুইন্সল্যান্ডের পুলিশ কমিশনার কাটারিনা ক্যারোল জানিয়েছে, ঝড়ে সৃষ্ট বন্যায় প্রথমে মোরটেন উপসাগরের গ্রিন দ্বীপে ১১ জন যাত্রী নিঢে একটি ইয়ট ডুবে ৩ জন নিহত হন। পরে ওই অঞ্চলের আরেক স্থানে নয় বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এছাড়া গাছ চাপায় প্রাণ হারান আরো দুই ব্যক্তি।

অন্যদিকে ভিক্টোরিয়ায় বন্যার পানি কমতে শুরু করলে আরো এক মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। গত দুই দিনের প্রবল ঝড়ে অন্তত ওসব অঞ্চলের ৯০ হাজার পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওই অঞ্চলগুলোতে পুনরায় বিদ্যুৎ সংযোগে আরো কয়েক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। দেশটির আবহাওয়া দপ্তরের তথ্য মতে আরো কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।