আগামী অর্থ বছরের জন্য ৮৮৬ বিলিয়ন ডলারের
জাতীয় প্রতিরক্ষা বিল অনুমোদন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তার স্বাক্ষরের
মাধ্যমে এটি আইনে পরিণত হয়েছে। গতকাল শুক্রবার (২২ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে
হোয়াইট হাউজ। খবর রয়টার্স।
মূলত প্রতিরক্ষা বিভাগ, জ্বালানি, জাতীয়
নিরাপত্তা কর্মসূচি, পররাষ্ট্র বিভাগ ও গোয়েন্দা সংস্থাগুলোর জন্য অর্থবছরের বরাদ্দ
অনুমোদন দেয় এ আইন।
এতে ইউক্রেনের জন্য সাহায্য অন্তর্ভুক্ত
রয়েছে। এছাড়া ইন্দো-প্রশান্ত মহাসাগরে চীনের বিরুদ্ধে নেয়া কর্মসূচিগুলো অনুমোদন করেছে বিলটি।
ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট
বা এনডিএএ নামের এ বিল গত সপ্তাহে পাস করেছে কংগ্রেস। ডেমোক্র্যাটিক-নিয়ন্ত্রিত মার্কিন
সিনেনে ৮৭-১৩ ভোটে সংখ্যাগরিষ্টতা পায়। অন্যদিকে প্রতিনিধি পরিষদে ৩১০-১১৮ ভোটে পাস
হয়।
কংগ্রেসে প্রতি বছর পাশ হওয়া প্রধান
বিলগুলোর অন্যতম এনডিএএ। এতে প্রতিরক্ষা খাতের সদস্যদের বেতন বৃদ্ধি এবং যুদ্ধ জাহাজ
ও উড়োজাহাজ কেনাকাটা থেকে শুরু করে তাইওয়ানের মতো বিদেশী অংশীদারদের সমর্থনের মতো
নীতি অন্তর্ভুক্ত থাকে।
প্রায় তিন হাজার ১০০ পৃষ্ঠার আইনটি
পরিষেবা সদস্যদের জন্য ৫ দশমিক ২ শতাংশ বেতন বৃদ্ধির আহ্বান জানিয়েছে এবং দেশের মোট
জাতীয় নিরাপত্তা বাজেট প্রায় ৩ শতাংশ বাড়িয়ে ৮৮৬ বিলিয়ন ডলার করেছে।










