গাজায় ইসরায়েলি হামলায় আরো ২ সাংবাদিক প্রাণ হারিয়েছেন। গতকাল রোববার (৭ জানুয়ারি) দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে এ প্রাণহানির ঘটনা ঘটে। হামাস নিয়ন্ত্রিত ছিটমহলটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত তিন মাসে ওই অঞ্চলে অন্তত ১০৯ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। খবর আনাদোলু।

এক বিবৃতিতে বলা হয়েছে, নিহত দুই সাংবাদিক গতকাল গাজার খান ইউনিস শহরে ইসরায়েলি হামলায় প্রাণ হারান। নিহতদের একজন আল-জাজিরার গাজার প্রতিবেদক ওয়ায়েল আল-দাহদুহের ছেলে হামজা ওয়ায়েল আল-দাহদুহ ও অন্যজন মুস্তাফা থুরায়া। এর আগে ইসরায়েলি হামলায় স্ত্রী-সন্তানসহ পরিবরের বেশ কয়েকজন সদস্যকে হারান ওয়ায়েল আল-দাহদুহ।

ইসরায়েলি বাহিনী আইডিএফের বোমা হামলার সময় ওই দুই সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করছিলেন।

এ ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। তারা একে ‘জঘন্যতম অপরাধ’ হিসেবে উল্লেখ করেছে।

তারা বলেছেন, ইসরায়েল গণমাধ্যমের কন্ঠ রোধ করতে চায় এবং সাংবাদিকদের ভীত করে রাখতে চায়। প্রেস ইউনিয়নসহ বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতি ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার আহ্বান জানিয়েছেন তারা।

এদিকে হামাস-ইসরায়েল সংঘাতের পুরোপুরি তিন মাস অতিবাহিত হয়েছে। এই তিন মাসে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা উপত্যকা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি আকাশ ও স্থল হামলায় ২২ হাজার ৭২২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৫৮ হাজার ১৬৬ জন। হতাহতের প্রায় ৭০ শতাংশ নারী ও শিশু বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া গাজার প্রায় ৬০ শতাংশ ঘর-বাড়ি ধ্বংস হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে প্রায় ২০ লাখ বাসিন্দা।

অন্যদিকে তেল আবিবের দাবি, হামাসের হামলায় সেনাসহ এক হাজার ২০০ জন ইসরায়েলি নিহত হয়েছেন।