থাইল্যান্ডের জাতীয় নির্বাচনের ভোট গণনা প্রায় শেষের পথে। ফলাফলে এখন পর্যন্ত এগিয়ে আছে বিরোধী দলগুলো।।এরই মধ্যে অধিকাংশ আসনে জয় পেয়েছে তারা। পিছিয়ে পড়েছে দেশটির সামরিক-সমর্থিত ইউনাইটেড থাই নেশন পার্টি। এ নির্বাচনের মাধ্যমে এক দশক ধরে চলা সামরিক শাসন বা তাদের আশীর্বাদপুষ্টদের প্রত্যাখ্যান করতে যাচ্ছে দেশটির মানুষ। খবর বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, থাই ভোটাররা সামরিক সমর্থিত সরকারকে প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে ধারণা করা হচ্ছে নির্বাচনে অংশ নেয়া বিরোধী দল দুটি জোট আলোচনার জন্য প্রস্তুত। প্রাথমিক ফলাফলে ৯৭ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে, সংসদের ৫০০ আসনের মধ্যে ২৮৬টিতে জয় পেতে যাচ্ছে বিরোধী দল মুভ ফরোয়ার্ড পার্টি (এমএফপি) ও থাকসিন সিনাওয়াত্রার দল ফিউ থাই। তবে দল দুইটি সরকার গঠন করতে পারবে কি না তা নিয়ে এখনো শঙ্কা রয়েছে। এজন্য ছোট ছোট দলগুলোর সঙ্গে চুক্তির প্রয়োজন হতে পারে তাদের।

২০১৪ সালে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে থাইল্যান্ডের ক্ষমতা দখল করেন সাবেক সেনাপ্রধান প্রাউত। তবে এবার মুভ ফরোয়ার্ড পার্টি ও ফিউ থাই-এর মতো দলগুলোর বিপক্ষে শক্তিশালী নির্বাচনী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তাকে। যদিও ভোটের আগে জনমত জরিপেও পিছিয়ে ছিল প্রাউতের দল। জরিপে সবচেয়ে এগিয়ে ছিল পেতংতার্ন সিনাওয়াত্রার ফিউ থাই। এরপরই ছিল এমএফপি।