যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মৌচাক ভর্তি একটি ট্রাক দুর্ঘটনার শিকার হয়েছে। স্থানীয় সময় শুক্রবারের ওই দুর্ঘটনায় বিশাল আকারের ট্রাকটি থেকে পালিয়ে গেছে ২৫ কোটির বেশি মৌমাছি। ছড়িয়ে পড়া এসব মৌমাছির আক্রমণ থেকে বাঁচতে জনসাধারণকে এলাকাটি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। ওয়াটকম কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনাকবলিত সড়কটি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। মৌমাছিদের চাকে ফেরাতে ও রানী মৌমাছিকে খুঁজে বের করার পথ খুঁজছে প্রশাসন। স্থানীয় মৌচাষীদের সহায়তায় ৪৮ ঘণ্টার মধ্যে যত বেশি সম্ভব মৌমাছি জীবন্ত উদ্ধারের পরিকল্পনা করছে তারা। খবর: বিবিসি