লোহিত সাগরে জাহাজে হুথিদের পরপর হামলার ঘটনায় খাদ্য সংকটের সতর্ক বার্তা দিয়েছে ইসরায়েলের এ খাতের কর্তারা। খাদ্য উৎপাদনে আগাম নজর দেয়ার কথা বলছেন তারা। খবর আনাদোলু।

গাজায় যুদ্ধ বিলম্বিত হওয়ায় লোহিত সাগরে ঝুঁকির মুখে পড়ছে বাণিজ্যিক জাহাজগুলো। ফলে ব্যাহত হচ্ছে আমদানি-রফতানি। এ পরিস্থিতিতে ইসরায়েলের খাদ্য খাত সংশ্লিষ্টরা এক বিবৃতিতে জানিয়েছেন, লোহিত সাগরে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় খাদ্য সংকটের ঝুঁকিতে রয়েছে দেশটি।

গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) ইসরায়েলি গণমাধ্যম মারিভ ডেইলির এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে।

খাদ্য উৎপাদনের হার যেন ৭৫ শতাংশের কম না হয় সে বিষয়ে খেয়াল রাখার ব্যাপারে সরকারকে সতর্ক করেছেন খাত সংশ্লিষ্টবা। তারা বলছেন, চলমান পরিস্থিতিতে উৎপাদন ৭৫ শতাংশের কম হলে ভয়াবহ হুমকিতে পড়বে দেশ।

গাজায় ইসরায়েলি হামলা জোরদার হওয়ায় পর দক্ষিণ লোহিত সাগরে ইরান সমর্থিত সশস্ত্র হুথিরা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে প্রতিক্রিয়া জানাচ্ছে। যার প্রভাব পড়েছে বৈশ্বিক সরবরাহ চেইনে। এছাড়া ঘুরপথে জাহাজ চলাচলের কারণে বেড়ে গেছে জ্বালানি ব্যয়।