চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গানসুতে
গত সপ্তাহের ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪৯ জনে পৌঁছেছে। বিধ্বংসী
ওই ভূমিকম্পের এক সপ্তাহ পর দুজন নিখোঁজ থাকার খবর জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।
খবর রয়টার্স।
গানসুতে প্রায় দুই লাখ ৭ হাজারের বেশি
বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৫ হাজার বাড়ি পুরোপুরি ধসে পড়েছে। ভূমিকম্পে দেড়
লাখের কাছাকাছি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
গত ২২ ডিসেম্বর ভূমিকম্পের প্রথম ধাক্কাতেই
প্রাণ হারান ১১৭ জন মানুষ।
চীনের অন্যতম দরিদ্রকবলিত অঞ্চল গানসু
প্রদেশ। তিব্বতি ও লোয়েস মালভূমির মধ্যে অবস্থিত অঞ্চলটি। এর একপাশে রয়েছে মঙ্গোলিয়ার
সীমানা। আক্রান্ত অঞ্চলে রয়েছে সংখ্যালঘু হুই মুসলমানদের আবাস।
এর আগে গত আগস্টে পূর্ব চীনে আঘাত হানে
৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প। এ ঘটনায় ২৩ জন আহত হন ও বেশ কিছু বহুতল ভবন ধসে পড়ে।
২০২২ সালে সিচুয়ান প্রদেশে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে প্রায় ১০০ জনের মৃত্যু হয়।
২০০৮ সালে সিচুয়ান প্রদেশে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে প্রায় ৯০ হাজার মানুষের মৃত্যু
হয়। এর মধ্যে পাঁচ হাজারেরও বেশি ছিল শিশু। আহত হয়েছিলেন প্রায় চার লাখ।










