পশ্চিম তীরে দুই ফিলিস্তিনি বন্দুকধারীর হামলায় চার ইসরায়েলি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। এদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক। পাল্টা হামলায় নিহত হয়েছে হামলাকারী দুই যুবক।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মঙ্গলবার (২০ জুন) ইলি শহরের কাছে হাইওয়ের একটি পেট্রোল স্টেশন এবং রেস্টুরেন্টে এ হামলা চালানো হয়। এ সময় পাল্টা হামলায় এক আততায়ীর মৃত্যু হলেও অন্যজন পালিয়ে যায়। তবে পরে সেনা অভিযানে তুবাস এলাকায় তার মৃত্যু হয়। দুজনই স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্য।

হামাসের মুখপাত্র হাজেম কাসেম জানান, জেনিন শরণার্থী ক্যাম্পে চালানো নৃশংস অভিযানের পাল্টা জবাবেই এ হামলা চালানো হয়। সোমবারের ওই আগ্রাসনে ১৫ বছরের এক কিশোরসহ ৬ ফিলিস্তিনির মৃত্যু হয়, আহত হন আরো ৯০ ফিলিস্তিনি।

এদিকে এ হামলার প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। যেকোনো মুহূর্তে বড় আগ্রাসন শুরুরও হুমকি দেন তিনি।