যুক্তরাষ্ট্রে অভিবাসন নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়াকড়ি নিয়ে অনেক সমালোচনা রয়েছে। এবার তিনি বিদেশীদের আগ্রহী করতে নিজের নামেই চালু করলেন ভিসা কর্মসূচি। ‘ট্রাম্প গোল্ড কার্ড’ নামের ভিসা প্রকল্পে কমপক্ষে ১০ লাখ ডলার পরিশোধকারী বিদেশীরা দ্রুততম সময়ে মার্কিন নাগরিকত্ব লাভের সুযোগ পেতে পারেন। খবর বিবিসি।

সামাজিক মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এ কার্ড যোগ্য ও যাচাইকৃত আবেদনকারীদের জন্য সরাসরি নাগরিকত্বের পথ তৈরি করবে এবং এতে মার্কিন কোম্পানিগুলো প্রতিভাবানদের ধরে রাখতে সক্ষম হবে।’

চলতি বছরের শুরুতে এ গোল্ড কার্ড প্রকল্পের ঘোষণা দেয়া হয়। তখন বলা হয়েছিল, ট্রাম্প গোল্ড কার্ড পেতে আবেদনকারীকে প্রথমে ১০ লাখ ডলার ফি দিতে হবে। এ অর্থ প্রমাণ করবে যে আবেদনকারী যুক্তরাষ্ট্রের জন্য যথেষ্ট সুবিধা নিয়ে আসবেন।

যেসব ব্যবসাপ্রতিষ্ঠান বিদেশী কর্মীদের স্পন্সর করবে. তাদের ২০ লাখ ডলার দিতে হবে। পাশাপাশি অন্যান্য ফি প্রযোজ্য হবে। আরো বিশেষ কর সুবিধাসংবলিত ‘প্লাটিনাম কার্ড’ও শিগগিরই আসছে, যার মূল্য হবে ৫০ লাখ ডলার। আবেদন পর্যালোচনার আগেই সবাইকে ১৫ হাজার ডলার অফেরতযোগ্য প্রক্রিয়াকরণ ফি জমা দিতে হবে।

ঘোষণার পর থেকেই প্রকল্পটি সমালোচিত হচ্ছে। ডেমোক্র্যাট নেতারা বলছেন, এ পরিকল্পনা ধনীদের জন্য পক্ষপাত ও সাধারণ অভিবাসীদের ক্ষেত্রে বৈষম্যমূলক। ট্রাম্প অবশ্য বলেছেন, গ্রিন কার্ডের মতোই দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ দেবে গোল্ড কার্ড। তবে এটি মূলত উচ্চ দক্ষতা ও উৎপাদনশীল ব্যক্তিদের লক্ষ্য করে পরিকল্পিত। তার বক্তব্য, ‘যারা ৫০ লাখ ডলার দিতে পারে, তারা চাকরি তৈরি করবে। এটি দারুণ বিক্রি হবে, একেবারে সস্তা।’

মার্কিন প্রশাসন এরই মধ্যে ব্যাপক হারে অবৈধ অভিবাসন দমনে অভিযান শুরু করেছে। কর্মক্ষেত্র ভিসার ফি বৃদ্ধি, নথিবহির্ভূত অভিবাসীদের বহিষ্কার ও বাইডেন আমলে মঞ্জুর হওয়া হাজারো আশ্রয় আবেদন পুনর্বিবেচনার সিদ্ধান্ত এ অভিযানের অংশ।

এছাড়া ১৯টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন আবেদন সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। দেশগুলো মূলত আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের। গত সেপ্টেম্বরে ট্রাম্প দক্ষ বিদেশী কর্মীদের জনপ্রিয় এইচ-১বি ভিসার আবেদনে ১ লাখ ডলার ফি আরোপ করেন, যা যুক্তরাষ্ট্রে থাকা বিদেশী শিক্ষার্থী ও প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করে। পরে হোয়াইট হাউজ জানায়, এ ফি শুধু যুক্তরাষ্ট্রের বাইরে থাকা নতুন আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য।