‘ট্রান্সফরমার্স’ সিরিজের জনপ্রিয় চরিত্র অপটিমাস প্রাইম এবং ডিজনির ‘উইনি দ্য পুহ’ ফ্র্যাঞ্চাইজির ইয়োরে কণ্ঠ দেয়া অভিনেতা পিটার কালেন মারা গেছেন। বুধবার লস অ্যাঞ্জেলেসের নিজ বাড়িতে ৮৫ বছর বয়সে মারা যান কানাডীয় এ অভিনেতা। খবর বিবিসি।
এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পরিবারের সদস্যদের পাশে নিয়ে শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পিটার কালেন।
১৯৮৪ সালে ‘ট্রান্সফরমার্স’ টেলিভিশন সিরিজে প্রথমবার অপটিমাস প্রাইম চরিত্রে কণ্ঠ দেন পিটার কালেন। গভীর ও দৃঢ় কণ্ঠে দেয়া তার অভিনয় চরিত্রটিকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। পরবর্তী সময়ে ২০০৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত ‘ট্রান্সফরমার্স’ সিরিজের সাতটি হলিউড সিনেমা ও বিভিন্ন স্পিন-অফে একই চরিত্রে কণ্ঠ দেন তিনি।
১৯৮০-এর দশকের শেষ দিকে ‘দ্য নিউ অ্যাডভেঞ্চার্স অব উইনি দ্য পুহ’ অ্যানিমেশন সিরিজে বিষণ্ন স্বভাবের গাধা ইয়োরের কণ্ঠ দেন কালেন। পরবর্তী সময়ে ফ্র্যাঞ্চাইজিটির বিভিন্ন সিরিজ, চলচ্চিত্র ও গেমেও চরিত্রটিতে কণ্ঠ দেন তিনি।
তার উল্লেখযোগ্য অন্য কাজের মধ্যে রয়েছে ‘নাইট রাইডার’ টেলিভিশন সিরিজে কিটের প্রতিপক্ষ কার (কেএআরআর) চরিত্রে কণ্ঠ দেয়া। ১৯৮৭ সালের আর্নল্ড শোয়ার্জেনেগার অভিনীত ‘দ্য প্রিডেটর’ সিনেমায় প্রিডেটরের ক্লিকিং শব্দ এবং ১৯৭৬ সালের ‘কিং কং’ সিনেমায় কিং কংয়ের গর্জনেও তার কণ্ঠ ব্যবহার করা হয়।
কানাডার টেলিভিশন ও রেডিওতে ক্যারিয়ার শুরু করেন পিটার কালেন। পরে ‘দ্য সনি অ্যান্ড শের শো’সহ বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত কাজ করেন। একপর্যায়ে তিনি কণ্ঠ অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন।









