যুক্তরাষ্ট্র সফর করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। তার আগেই ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ইলোন মাস্ক, মাইকেল ওয়াল্টজ ও তুলসী গ্যাবার্ড ওয়াশিংটনে মোদির সঙ্গে সাক্ষাৎ করেন।
মোদি গতকাল তার দিন শুরু করেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজের সঙ্গে বৈঠকের মাধ্যমে। এরপর ওয়াশিংটনের ব্লেয়ার হাউজে তার সঙ্গে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা ও বিশ্বের শীর্ষ ধনী ইলোন মাস্ক। এ দুজনের সঙ্গে বৈঠকের পাশাপাশি রিপাবলিকান দলের নেতা বিবেক রামাস্বামীও বৈঠক করেন মোদির সঙ্গে। এর আগে নরেন্দ্র মোদি ওয়াশিংটন ডিসিতে পৌঁছানোর পর প্রথমে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার নতুন পরিচালক তুলসী গ্যাবার্ড।
তুলসীর সঙ্গে বৈঠক নিয়ে এক এক্স পোস্টে মোদি লেখেন, ‘ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের সঙ্গে বৈঠক করলাম। মনোনয়ন চূড়ান্ত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছি। ভারত-যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের নানা দিক নিয়ে আলোচনা করেছি। তিনি ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের দৃঢ় সমর্থক।’










