কাশ্মিরের বিচ্ছিন্নতার সমর্থনে কথা বলেছেন, এমন অভিযোগে ২০১০ সালের একটি মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন বুকারজয়ী ভারতীয় সাহিত্যিক অরুন্ধতী রায়। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা। এ মামলায় অরুন্ধতী রায়ের সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড হতে পারে। খবর দ্য গার্ডিয়ান।

২০১০ সালে দিল্লিতে এক জনসভায় কাশ্মির ইস্যুতে উসকানিমূলক ভাষণ দেয়ার অভিযোগ ওঠে অরুন্ধতীর বিরুদ্ধে। ওই বছরই তিনিসহ কাশ্মির বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ শওকত হোসেনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। দায়ের করেন সুশীল পণ্ডিত ও কাশ্মিরি পণ্ডিতদের সংগঠন ‘‌রুটস ইন কাশ্মির’।

ভারতীয় বিধিতে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) অধীনে বেআইনি কার্যক্রমে সমর্থন, উৎসাহ বা উসকানি দেয়া সাত বছর পর্যন্ত কারাবাসের শাস্তিযোগ্য।

অরুন্ধতীর বিরুদ্ধে অভিযোগ, ‘আজাদি: দ্য অনলি ওয়ে’ নামের ওই অনুষ্ঠানে কাশ্মিরকে ভারত থেকে বিচ্ছিন্ন করার দাবি তোলা হয়েছিল। তিনি দাবি করেছিলেন, কাশ্মির কোনোদিনই ভারতের অংশ ছিল না। তাকে জোর করে সেনা পাঠিয়ে দখল করা হয়েছিল। কাশ্মিরকে তার স্বাধীনতা ফিরিয়ে দেয়া উচিত। সব মিলিয়ে ভাষণগুলো উসকানিমূলক ছিল বলে অভিযোগ করা হয়।