পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, ভারত ও পাকিস্তান অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে রাজি হয়েছে। গতকাল বিকালে এক্স হ্যান্ডলে এ কথা জানান তিনি।

ইসহাক দার বলেন, ‘পাকিস্তান সবসময়ই এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার চেষ্টা করেছে। এক্ষেত্রে তারা দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার সঙ্গে কোনো আপস করেননি।’

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এ বার্তা দেয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডলে বার্তা দিয়ে ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার কথা জানান।

এর আগে গতকাল পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইসহাক দার বলেন, ‘ভারতের যদি সামান্যতম বোধবুদ্ধি থাকে, তবে ওদের থামা উচিত। ওরা থামলে আমরাও থামব। আমরা ধ্বংস কিংবা অর্থের অপচয় চাই না। দুই দেশের অর্থনীতি ভিন্ন। আমরা কোনো দেশের আধিপত্য চাই না। আমরা সাধারণভাবে শান্তি চাই।’