বিক্ষুব্ধ সুদানে একটি মার্কিন কূটনৈতিক বহরে গুলি ছোড়া হয়েছে। গতকাল সোমবারের (১৭ এপ্রিল) ওই ঘটনায় কেউ আহত হয়নি বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। খবর বিবিসি।

জাপানে জি৭ সংলাপের পর সাংবাদিকদের তিনি বলেন, এটি অপরিনামদর্শী কাজ, দায়িত্বজ্ঞানহীন ও অবশ্যই অনিরাপদ।

চলমান নিরাপত্তা উদ্বেগ ও খার্তুমের বিমানবন্দর বন্ধ থাকা সত্ত্বেও মার্কিন কর্মীদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কিরবি। দেশটিতে অবস্থানরত আমেরিকানদের ‘অত্যন্ত গুরুত্বের সঙ্গে’ পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছেন তিনি।

সেনা বাহিনী ও আধা সামরিক বাহিনীর সংঘাতে গত কয়েকদিন ধরে আফ্রিকার দেশটিতে চরম পরিস্থিতি বিরাজ করছে।

এর আগে শোনা গিয়েছিল, খার্তুমের বাসায় হামলার শিকার হয়েছেন সুদানে ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডর আইদান ও’হারা।

জাতিসংঘের বরাতে জানা গেছে, তিন দিনের হামলা-পাল্টা হামলায় সুদানে ১৮৫ জনের মতো নিহত হয়েছেন, আহত হয়েছেন এক হাজার ৮০০ মানুষ। রাজধানীতে বিমান হামলা, গোলাবর্ষণ ও ভারি-ছোট অস্ত্রের ব্যবহার ঘটছে।

সেনাবাহিনী ও বিরোধী আধাসামরিক গোষ্ঠী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) দুইপক্ষই খার্তুমের প্রধান স্থাপনাগুলো নিয়ন্ত্রণের দাবি করছে।

এ দিকে আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন নিশ্চিত করেছেন, ও’হারার আঘাত মারাত্মক নয়। একে ‘কূটনৈতিক সুরক্ষার বাধ্যবাধকতার লঙ্ঘন’ বলে বর্ণনা করেন তিনি।

ও’হারা সম্পর্কে অ্যাম্বাসেডর সঙ্গে মার্টিন বলেন, অসাধারণ এ আইরিশ সবচেয়ে কঠিন পরিস্থিতিতে ইইউকে সেবা দিয়ে যাচ্ছেন। আমরা এর জন্য তাকে ধন্যবাদ জানাই এবং সুদানে সহিংসতা বন্ধ ও সংলাপ পুনরায় শুরু করার জন্য আহ্বান জানাই।

বর্তমান পরিস্থিতি বলছে, দেশটিতে সংঘর্ষ আরো ভয়াবহ রূপ নিতে পারে। গৃহযুদ্ধেরও আশঙ্কা করছেন বিশ্লেষকরা। দেশটির অন্যতম গণমাধ্যম আল সুদানির ব্যবস্থাপনা সম্পাদক ইয়াসির আব্দুল্লাহ বলছিলেন, ‘দেশ ক্রমে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। এখানে পরিস্থিতি সত্যিই সংকটময়। উচ্চপদস্থ সেনাকর্মকর্তারা যদি সংঘর্ষ থামাতে দ্রুত পদক্ষেপ না নেন, তবে আমরা আরেকটি গৃহযুদ্ধের দিকে যাচ্ছি।’

সুদানের সেনাবাহিনীর জেনারেল কমান্ড এক বিবৃতিতে বেসামরিক নাগরিকদের বাড়ির ভেতরে থাকার আহ্বান জানিয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে সংঘর্ষ আরো জোরদার হতে পারে। বিবৃতিতে বলা হয়েছে, দ্রুত প্যারামিলিটারি বাহিনীর অনুসন্ধানে অভিযান পরিচালনা করবে যুদ্ধবিমান।

২০১৯ সালে দেশটির স্বৈরশাসক ওমর আল বশির ক্ষমতাচ্যুত হন। এরপর থেকেই সামরিক জেনারেলদের পরিচালিত সভরিন কাউন্সিল নামে একটি পরিষদ দেশটিকে পরিচালনা করছে। এ কাউন্সিলের প্রেসিডেন্ট সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান।

অন্যদিকে ওই কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট আরএসএফ প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালু। তিনি এক সময় ওমর আল বশিরের ঘনিষ্ঠ মিত্র ছিলেন। সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল দাগালু ‘হেমেতি’ নামে অধিক পরিচিত। সম্প্রতি তিনি সেনাপ্রধান বুরহানকে ‘অপরাধী’ ও ‘মিথ্যাবাদী’ বলে অভিহিত করেন।

এই সভরিন কাউন্সিল চায়, দুই বছরের মধ্যে আধা সামরিক বাহিনী আরএসএফকে মূল সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করতে। তবে আরএসএফ চায় অন্তত আরো ১০ বছর পর প্রক্রিয়াটি শুরু হোক। পক্ষ দুটির সাম্প্রতিক দ্বন্দ্বের মূল কারণ এটিই।