ডেঙ্গু জ্বর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় স্বীকার করে পেরুর স্বাস্থ্যমন্ত্রী রোজা গুতিয়ারেজ পদত্যাগ করেছেন। খবর বিবিসি।

ডেঙ্গু জ্বর একটি মশাবাহিত রোগ। গ্রীষ্মমণ্ডলীয় ও উপগ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুতে এ রোগের প্রাদুর্ভাব সর্বাধিক। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে সর্বশেষ সংবাদ পাওয়া পর্যন্ত এ রোগের কারণে রেকর্ড ২৪৮ জন প্রাণ হারিয়েছে। সংক্রমণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৬ হাজারের অধিক। সংকট মোকাবেলার চাপের মধ্যে দেশটির স্বাস্থ্যমন্ত্রী গুতিয়ারেজ পদত্যাগের সিদ্ধান্ত নেন।

পেরুর সংসদ সদস্যরা গুতিয়ারেজকে পদ থেকে অপসারণের জন্য একটি যুক্তিতর্কে হাজির হতে ডেকেছিলেন, কিন্তু তিনি এর আগেই পদত্যাগ করলেন। পেরুর গণমাধ্যম জানিয়েছে, এর আগে গুতিয়ারেজ দাবি করেছিলেন, ১৫ দিনের মধ্যে ভাইরাসটি নিয়ন্ত্রণ করা হবে।

টুইটারে এক পোস্টে পেরুর প্রেসিডেন্ট ডিনা বোলুয়ার্তে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণের কথা জানিয়েছেন। একই সঙ্গে জনস্বাস্থ্যের উন্নতির জন্য দ্বিগুণ প্রচেষ্টার প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রতিবেদন থেকে জানা যায়, দেশটিতে সাইক্লোন ইয়াকুর ফলে এপ্রিল ও মে মাসে দেশের উত্তরাঞ্চলে প্রচুর বৃষ্টিপাত নিয়ে এসেছিল। ফলে রোগ বহনকারী মশার সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। সরকারসংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, এল নিনোর ফলে বছরের শেষ দিকে আরো ভারি বৃষ্টিপাত হলে পরিস্থিতি আরো খারাপ হবে।

গত সপ্তাহে প্রেসিডেন্ট বোলুয়ার্তে দেশের অধিকাংশ অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেন। যদিও অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে উত্তরে। ডেঙ্গুর লক্ষণগুলোর মধ্যে রয়েছে উচ্চজ্বর, তীব্র মাথাব্যথা, গ্রন্থি ফুলে ওঠা, শরীরে র‌্যাশ।