জনসংখ্যার দিক থেকে চলতি বছরের মাঝামাঝি নাগাদ চীনকে ছাড়িয়ে যাবে ভারত। ওই সময় ভারতের জনসংখ্যা চীনের জনসংখ্যার চেয়ে প্রায় ৩০ লাখ বেশি হবে। আজ বুধবার জাতিসংঘের প্রকাশিত এক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের ‘স্টেট অব ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্টে’ দেখানো হয়েছে যে এই বছরের মাঝামাঝি সময়ে চীনের ১.৪২৫৭ বিলিয়নের তুলনায় ভারতের জনসংখ্যা ১.৪২৮৬ বিলিয়ন হবে।

চলতি বছরের শুরুর দিকে প্রকাশিত সরকারি উপাত্ত থেকে জানা যায়, ছয় দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো গত বছর চীনের জনসংখ্যা হ্রাস পেয়েছে।

জাতিসংঘের ওই প্রতিবেদনে আরো বলা হয়, একই সময়ে বিশ্বের জনসংখ্যা বেড়ে ৮.০৪৫ বিলিয়ন হবে বলে অনুমান করা হচ্ছে।