বৈঠক করেছেন ইসরায়েলবিরোধী তিন শীর্ষস্থানীয়
সশস্ত্র সংগঠনের নেতারা। আজ বুধবার (২৫ অক্টোবর) লেবাননে হিজবুল্লাহ নেতাদের সঙ্গে
দেখা করেন ফিলিস্তিন ভিত্তিক হামাস ও ইসলামিক জিহাদের নেতারা। খবর রয়টার্স।
বৈঠকের পর এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা
হয়, হামাসের সালেহ আল-আরোরি ও ইসলামিক জিহাদের নেতা জিয়াদ আল-নাখলেহের সঙ্গে একমত
হয়েছেন হিজবুল্লাহর নেতা হাসান নসরুল্লাহ। অন্যান্য সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে তারা লড়াই
পরবর্তী পর্যায়ে এগিয়ে নেবেন।
হিজবুল্লাহ পরিচালিত ও লেবাননের রাষ্ট্রীয়
মিডিয়ায় প্রচারিত বিবৃতি অনুসারে তাদের লক্ষ্য হলো, গাজা ও ফিলিস্তিনে প্রতিরোধের
মাধ্যমে সত্যিকারের বিজয় অর্জন এবং ইসরায়েলের নৃশংস আগ্রাসন বন্ধ করা।
ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘর্ষের
তৃতীয় সপ্তাহে বৈরুতে এ বৈঠক অনুষ্ঠিত হলো।
গত ৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলায়
ইসরায়েলে এক হাজার ৪০০ এর বেশি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধে গাজায়
প্রায় ছয় হাজার মানুষ নিহত হয়েছেন।
এমন উত্তেজনার পরিস্থিতি লেবানন সীমান্ত
থেকে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা শুরু করেছে হিজবুল্লাহ সদস্যরা। এতে দুইপক্ষেই হতাহতের
ঘটনা ঘটেছে।









