জাতিসংঘের বারবার তাগাদা সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলা থেমে নেই। প্রতিদিনই বেড়ে চলেছে হতাহতের সংখ্যা। নিহত বেসামরিক নাগরিকদের মধ্যে রয়েছেন আন্তর্জাতিক এ সংস্থার কর্মীরাও।

গতকাল রোববার (২৯ অক্টোবর) এক ঘোষণায় বলা হয়, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলার কারণে গাজায় ইউএন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সির (ইউএনআরডব্লিউএ) ৫৯ জন কর্মী নিহত হয়েছেন। খবর আনাদোলু।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা বিবৃতি অনুসারে, গাজায় হামলায় প্রাণ হারানো ইউএনআরডব্লিউএ কর্মীদের স্মরণে সম্প্রতি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরো বলা হয়, সহকর্মীদের প্রাণহানি বাড়তে থাকায় জাতিসংঘ ও ইউএনআরডব্লিউএর জন্য প্রতিটি দিন এক-একটি অন্ধকার দিন হয়ে আসে।

গত ৭ অক্টোবর অতর্কিত কাঁটাতার অতিক্রম করে ইসরায়েলে হামলা করে সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে এক হাজার ৪০০ জন ইসরায়েলি নিহত হন। জিম্মি করে নিয়ে আসা হয় দুই শতাধিক মানুষকে।

এরপর থেকে গাজায় ইসরায়েলি হামলায় প্রতিদিন বাড়ছে প্রাণহানি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৫ জন। যার মধ্যে তিন হাজার ৩৪২ শিশু, দুই হাজার ৬২ জন নারী ও ৪৬০ জন বয়স্ক মানুষ।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি গত শনিবার জানান, তাদের হামলার পরিধি বাড়ছে।

ইসরায়েলের অবরোধের কারণে গাজার ২৩ লাখ বাসিন্দা খাদ্য, পানি, জ্বালানি ও ওষুধের সংকটে ভুগছে।