ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নগরী মার্সেইতে একটি গাড়িতে গুলিবর্ষণে তিনজন নিহত হয়েছে। নিহতরা নাইটক্লাব থেকে বের হতেই তাদের ওপর কালাশনিকভ রাইফেল দিয়ে হামলা হয়। খবর বিবিসি।
পুলিশ বলছে, গাড়িতে পাঁচজন ছিলেন। হামলায় তিনজন নিহত হলেও বাকি দু’জন পালিয়ে যায়। এছাড়া অজ্ঞাত হামলাকারীরাও ঘটনাস্থল পালিয়ে যেতে সক্ষম হয়। বন্দুক হামলা ও প্রাণহানির এই ঘটনার সঙ্গে মাদক ব্যবসার যোগসাজশ রয়েছে বলে মনে করছে পুলিশ। এএফপি নিউজ এজেন্সি বলছে, চলতি বছর এখন পর্যন্ত মার্সেইতে মাদক সংক্রান্ত হত্যাকাণ্ডের সংখ্যা ২১ জনে পৌঁছেছে।
বিবিসি বলছে, মার্সেই হচ্ছে ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর এবং সর্বশেষ এই গুলির ঘটনা শহরের একটি আবাসিক এলাকায় ঘটল। গাড়িটিতে পাঁচজন লোক ছিল এবং তাদের সবার বয়সই ২০ থেকে ৩০ বছরের মধ্যে। স্থানীয় সময় ভোর ৫টার দিকে নাইটক্লাব থেকে বের হওয়ার কিছুক্ষণ ওই পাঁচজনের বহনকারী গাড়িতে গুলি চালানো হয়।
তদন্তকারীরা ফরাসি মিডিয়াকে বলেছেন, ওই পাঁচজনই পুলিশের কাছে পরিচিত ছিল এবং তারা যে হাউজিং এস্টেটে বাস করত সেখানে মাদক অপরাধ ব্যাপকভাবে বিদ্যমান। তারা বলেছেন, ঘটনাস্থলের কাছে একটি গাড়িতে আগুন লাগে এবং এটিও মাদকের সহিংসতার দিকেই ইঙ্গিত করছে। কারণ অপরাধীরা প্রায়ই প্রমাণ নষ্ট করার জন্য তাদের গাড়ি পুড়িয়ে ফেলে।










