ভারতে আসন্ন সম্মেলনে আফ্রিকান ইউনিয়নকে পূর্ণ, স্থায়ী সদস্যপদ দেয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি জি২০ দেশগুলোর নেতাদের কাছে এক চিঠিতে এ আহ্বান রাখেন তিনি। খবর রয়টার্স।

জি২০ এ আফ্রিকান ইউনিয়নের পূর্ণ সদস্যপদ দেয়ার জন্য মোদির এ প্রস্তাব বৈশ্বিক বিষয়ে আফ্রিকার প্রতিনিধিত্ব ও প্রভাবে অংশগ্রহণের ক্ষেত্রে ভারতের প্রতিশ্রুতির প্রতিফলন।

জি২০ হলো বিশ্বের প্রধান সব উন্নত ও উন্নয়নশীল অর্থনীতির একটি আন্তঃসরকারি জোট। বিশ্বব্যাপী জিডিপির প্রায় ৮৫ শতাংশ, বিশ্ব বাণিজ্যের ৭৫ শতাংশ এবং বিশ্বের জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ প্রতিনিধিত্ব করে এ জোটের সদস্যরা।

১৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন জোটটির অন্তর্ভুক্ত। জি২০ এ বছর জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্বব্যাংক ও আইএমএফের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো ছাড়াও বাংলাদেশ, সিঙ্গাপুর, স্পেন ও নাইজেরিয়াসহ সদস্য নয় এমন নয়টি ‘‌অতিথি’ দেশকে আমন্ত্রণ জানিয়েছে।

অন্যদিকে আফ্রিকান ইউনিয়ন (এইউ) ৫৫টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি মহাদেশীয় সংস্থা। ভারত গত বছরের ডিসেম্বরে জি২০-এর সভাপতিত্ব শুরু করে। এ বছরের শেষের দিকে জোটটির শীর্ষ সম্মেলন আয়োজনের দায়িত্ব ভারতের।