তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে আসা, হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে দিল্লিতে রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। গতকাল সকালে শহরটির সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। খবর এনডিটিভি।
বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, আবহাওয়াজনিত পরিস্থিতির কারণে দিল্লিগামী ১৮টি ট্রেনের যাত্রা ১-৬ ঘণ্টা পর্যন্ত দেরি হয়েছে। কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় দিল্লি বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইটের শিডিউল বিঘ্ন হয়েছে।
আইএমডি জানিয়েছে, পাঞ্জাব, হরিয়ানা ও চণ্ডীগড়েও রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আর রাজস্থানে ঠাণ্ডা ও কুয়াশার কারণে ইয়েলো অ্যালার্ট জারি হয়েছে।
দিল্লি অঞ্চলজুড়ে শৈত্যপ্রবাহ আরো কয়েকদিন বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ কারণে পরবর্তী তিনদিন অঞ্চলটিজুড়ে ইয়েলো অ্যালার্ট জারি থাকবে বলে জানিয়েছে তারা।










