পাপারাজ্জিদের তাড়ার মুখে দুর্ঘটনায় পড়তে
যাচ্ছিলেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। গত মঙ্গলবার (১৬ মে) রাতে যুক্তরাষ্ট্রের
নিউইয়র্কে ওই ঘটনা ঘটে, যাকে তাদের মুখপাত্র ‘বিপর্যয়কর গাড়ি
দুর্ঘটনার কাছাকাছি’ বলে বর্ণনা করেন। খবর এএফপি।
২৬ বছর আগে প্যারিসে এক গাড়ি দুর্ঘটনায়
নিহত হন হ্যারির মা প্রিন্সেস ডায়ানা। ওই ঘটনার জন্য এখনো পাপারাজ্জিদের দায়ি করা হয়ে
থাকে। এর পর থেকে হ্যারি নিজেও সংবাদমাধ্যমকে এগিয়ে চলেন।
হ্যারি (৩৮) ও মেগান (৪১) একটি পুরস্কার
অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে এই ঘটনা ঘটে। এই দম্পতির সঙ্গে ছিলেন মেগানের মা ডোরিয়া
রাগল্যান্ড।
ঘটনার পর এক ট্যাক্সি চালক তাদের ওই এলাকা
থেকে নিরাপদে সরিয়ে নেন।
এক বিবৃতিতে বলা হয়, পাপারাজ্জিারা মারাত্মকভাবে
গত রাতে সাসেক্সের ডিউক ও ডাচেস এবং মিসেস রাগল্যান্ডকে বহনকারী গাড়ির পিছু নেয়ায় এই
বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়।
মুখপাত্র বলেন, দুই ঘণ্টারও বেশি সময় ধরে
পাপারাজ্জিরা পিছু পিছু আসতে থাকে। ওই সময় ব্যস্ত সড়কে তাদের গাড়ির কাছকাছি থাকা চালক,
পথচারী ও দুই পুলিশ অফিসারের গাড়ির সঙ্গে সংঘর্ষের মতো পরিস্থিতি তৈরি হয়।
হ্যারি ও মেগানের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে,
তাদের আধা ডজন কালো গাড়ি তাড়া করেছিল। অজ্ঞাত ওই ব্যক্তিরা বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন।
যার কারণে দম্পতির বহর ও আশপাশের সবাই ঝুঁকিতে পড়ে।
নিউইয়র্ক পুলিশের মুখপাত্র জুলিয়ান ফিলিপস
জানান, সাসেক্সের ডিউক ও ডাচেস তাদের গন্তব্যে পৌঁছেছেন। সংঘর্ষ, আহত বা গ্রেফতারের
খবর পাওয়া যায়নি।










