২০২৪
সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার ( ৮ ডিসেম্বর) এক
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এই ঘোষণা দেন
তিনি। এ নিয়ে পঞ্চমবারের
মতো প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পুতিন। খবর আল জাজিরা
আগামী বছরের ১৭ মার্চ নির্বাচন হবে রাশিয়ায়। জানা গিয়েছে, এবার প্রথম দনেৎস্ক, লুহানস্ক,জাপোরিজিয়া ও খেরসনের বাসিন্দারা অংশ নেবেন নির্বাচনে। এই সমস্ত এলাকা এতদিন ইউক্রেনের অধীনে ছিল।
রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ ভোটের মাধ্যমে নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে। ফেডারেশন কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ১৬২ ভোটে পাস হয় সিদ্ধান্তটি। ফেডারেশন কাউন্সিলের প্রধান ভ্যালেন্টিনা মাতভিয়েঙ্কো বলেন, রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত হওয়া ইউক্রেনের দনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া ও খেরসন অঞ্চলের বাসিন্দারা এবারই প্রথম রাশিয়ার এই প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন। আমরা একসঙ্গে ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করার মধ্য দিয়ে আমাদের পিতৃভূমির অভিন্ন দায়িত্ব এবং ভবিতব্য ভাগ করে নিতে পারব।
উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের নির্বাচনে ৭৬% ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন পুতিন।









