বাংলাদেশ ও ভারতের সীমান্তে বিএসএফকে কাঁটাতারের বেড়া তৈরির জন্য জমি বরাদ্দ দিতে পশ্চিমবঙ্গ সরকারকে আদেশ দিয়েছেন আদালত। গত মঙ্গলবার কলকাতার হাইকোর্ট এ আদেশ দেন বলে গতকাল দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ‘নিউজঅনএয়ার’-এর খবরে বলা হয়েছে।

আদালতের আদেশের বরাতে খবরে বলা হয়, পশ্চিমবঙ্গ সরকারকে আগামী ৩১ মার্চের মধ্যে কাঁটাতারের বেড়া স্থাপনে নয়টি সীমান্ত জেলার জমি বিএসএফের কাছে হস্তান্তর করতে হবে।

প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনকে নিয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালত বলেছেন, কেন্দ্রীয় সরকার এরই মধ্যে যেসব জমি অধিগ্রহণ করেছে এবং অধিগ্রহণের অর্থ বরাদ্দ হয়ে গেছে, সেসব জমি অবিলম্বে হস্তান্তর করতে হবে।

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সুব্রত সাহার একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের এসব আদেশ এল। মামলায় তিনি অভিযোগ করেন, জমি হস্তান্তরে রাজ্য সরকারের গাফিলতির ফলে অবৈধ পাচার ও অনুপ্রবেশ সহজ হয়েছে।