স্থলভাগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে
যৌথ বিমান হামলা সত্ত্বেও লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী পণ্যবাহী জাহাজে আক্রমণ অব্যাহত
রাখার ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। দেশটির সাবা নিউজ এজেন্সির
বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে আনাদোলু।
স্থানীয় সময় গতকাল শুক্রবার (১২ জানুয়ারি)
হুথি রাজনৈতিক পরিষদের প্রধান মাহদি আল-মাশাত এক বিবৃতিতে এ ঘোষণা দেন।
হামলার প্রতিবাদ করে এ নেতা বলেছেন,
ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকান-জায়োনিস্ট ও ব্রিটিশদের আগ্রাসন নৃশংস ও অপরাধমূলক কাজ।
এটি সব আইনের স্পষ্ট লঙ্ঘন ও এ জন্য চড়া মূল্য দিতে হবে তাদের।"
গত বৃহস্পতিবার গভীর রাতে ইয়েমেনের
হুথি নিয়ন্ত্রিত এলাকায় একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় মার্কিন ও যুক্তরাজ্যের
সামরিক বাহিনী। গতকাল শুক্রবার রাতেও হামলা অব্যাহত ছিল বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
গত নভেম্বর থেকে লোহিত সাগরে পণ্যবাহী
জাহাজে হামলা করে আসছে হুথিরা। এতে ওই এলাকা এড়িয়ে চলছে প্রধান শিপিং কোম্পানিগুলো।
যার ফলে বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের চাপ পড়েছে।
ইসরায়েল বা অধিকৃত ফিলিস্তিন অভিমুখী
যেকোনো জাহাজ প্রতিহত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে মাহদি আল-মাশাত বলেন, বিশ্বের
কোনো হুমকি ফিলিস্তিনের সমর্থন থেকে বিরত রাখতে পারবে না আমাদের।
হামাস ও ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে
হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে ইরান সমর্থিত
ওই গোষ্ঠীটি। এ হামলা ঠেকাতে সেখানে সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ফলে
লোহিত সাগর অঞ্চলে ছড়িয়ে পড়ে হামাস-ইসরায়েল সংঘাতের উত্তাপ।










