জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর জন্য জাতিসংঘের ভূমিকাকে ‘অকার্যকর’ বলে সমালোচনা করেন। জেলেনস্কি বলেন, ‘সুদান, সোমালিয়া, ফিলিস্তিন বা অন্য যেকোনো যুদ্ধবিধ্বস্ত দেশের জনগণ জাতিসংঘ থেকে আসলে কী আশা করতে পারে? দশকের পর দশক ধরে শুধু বিবৃতি?’ খবর গার্ডিয়ান
ভাষণে জেলেনস্কি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘শুধু অস্ত্রই নির্ধারণ করে কে বেঁচে থাকবে। তাই আমরা নিজেরাই কেবল নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি।’ তিনি সতর্ক করেন যে, মানবজাতি এখন ‘সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র প্রতিযোগিতার’ মধ্যে রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ড্রোন প্রযুক্তি হবে এর চালিকাশক্তি। সামনের দিনগুলোতে ড্রোনের সঙ্গে ড্রোন যুদ্ধ করবে।
অস্ত্রধারী বন্ধু ছাড়া নিরাপত্তার কোনো গ্যারান্টি নেই উল্লেখ্য করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক আইন কার্যকর হয় কেবল শক্তিশালী-অস্ত্রধারী বন্ধুদের মাধ্যমে। এমনকি সেটাও অস্ত্র ছাড়া কাজ করে না। বক্তব্যে বিশ্ব নেতাদের প্রতি ‘বিবৃতি নয়, কার্যকর পদক্ষেপ’ নেয়ার আহ্বান জানান জেলেনস্কি।










