ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে আটক রায়ান রাউথকে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। দুই সপ্তাহের শুনানি শেষে গত মঙ্গলবার তার বিরুদ্ধে রায় ঘোষণা করেন একজন জুরি। এতে আদালত বলেন, রাউথ ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর ফ্লোরিডার একটি গলফ কোর্সে ট্রাম্পকে ‘পরিকল্পিতভাবে হত্যা’র চেষ্টা করেছিলেন। কিন্তু একজন সিক্রেট সার্ভিস এজেন্ট তাকে দেখে ফেলায় এ ষড়যন্ত্র ব্যর্থ হয়। খবর এপি।

প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ। এমন ঘটনা ঘটতে দেয়া যায় না। শুধু একজন প্রেসিডেন্ট বলে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে অথবা তার (রাউথ) ক্ষেত্রেও এটা হতে দেয়া যায় না।’ তিনি আরো বলেন, এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমি বিচারক, জুরি এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

গত বছর ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের গলফ খেলার সময় একটি ঝোপের আড়াল থেকে রাইফেল তাক করে তাকে হত্যার চেষ্টা করেন রায়ান রাউথ। তিনি কয়েক সপ্তাহ ধরেই এ পরিকল্পনা করেছিলেন বলে প্রসিকিউটররা জানান। তবে সিক্রেট সার্ভিস এজেন্ট রবার্ট ফেরকানো তাকে দেখে ফেলেন এবং সেদিকে গুলি ছুঁড়েন। পরে একজন প্রত্যক্ষদর্শী রাউথকে পালাতে দেখে পুলিশকে জানায়। পরবর্তীতে পুলিশ হেলিকপ্টার দিয়ে তাকে শনাক্ত করে এবং ঘটনাস্থলের কাছাকাছি একটি মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

এদিকে রাউথকে দোষী সাব্যস্ত করে রায় দেয়ার পর আদালতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। রায় শুনে রাউথ নিজের গলায় কলম দিয়ে আঘাত করার চেষ্টা করেন। তবে কর্মকর্তারা দ্রুত তাকে টেনে বের করে নিয়ে যান।

এ সময় রাউথের মেয়ে সারা রাউথ চিৎকার করে বলেন, ‘বাবা, আমি তোমাকে ভালোবাসি, কিছু করো না। আমি তোমাকে বের করে আনব। তিনি (রাউথ) কাউকে আঘাত করেননি।’

রাউথ নিজেই নিজের পক্ষের আইনজীবী হিসেবে আদালতে বিচার প্রক্রিয়ায় অংশ নেন। বিচারক আইলিন ক্যানন জুলাই মাসে দুটি শুনানির পর তার অনুরোধ মঞ্জুর করেছিলেন। রাউথ বলেন, ‘যদি ট্রিগার টানা না হয়, তাহলে অপরাধ কীভাবে হয়?’ তিনি দাবি করেন, তিনি কাউকে আঘাত করার উদ্দেশ্যে সেখানে যাননি। এরপর প্রসিকিউশন পক্ষ সাত দিন ধরে ৩৮ জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করে। ক্যানন ঘোষণা করেন, রাউথের সাজা ঘোষণা করা হবে ১৮ ডিসেম্বর সকাল ৯ টা ৩০ মিনিটে। রায়ে তিনি আজীবন কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন।