ভারতের তামিলনাড়ুতে একটি বেসরকারি
সার কারখানায় গ্যাসের পাইপলাইন ছিদ্র হওয়ার ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন।
এতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে কারখানাটি। গতকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত স্থানীয় সময় পৌনে একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, এন্নোরে অবস্থিত
করমণ্ডল ইন্টারন্যাশনাল লিমিটেড নামে ওই কারখানা থেকে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে
পড়ে।
মধ্যরাতে গ্যাসের তীব্র গন্ধে ঘুম ভাঙে
অনেকেরই, অসুস্থ হয়ে পড়েন কেউ কেউ। এদের মধ্যে গুরুতর অবস্থায় ১২ জনকে হাসপাতালে ভর্তি
করা হয়েছে। কারখানা থেকে নিরাপদে বের করে আনা হয়েছে ২৩০ জনকে।
ঘটনার পরপরই ওই সার কারখানা সাময়িক
বন্ধের নির্দেশ দেয় রাজ্য সরকার।
প্রতিবেদনে আরো বলা হচ্ছে, ওই কারখানায়
অ্যামোনিয়াম ফসফেট পটাশ সালফেট উৎপাদন হতো। এর কাঁচামাল হিসেবে কারখানাতেই তৈরি হয়
অ্যামোনিয়া। ঘটনার সময় পাইপলাইন ঠাণ্ডা করা হচ্ছিল। আচমকা তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে আশপাশের
এলাকায়। এর তীব্রতা এতটাই ছিল যে, আশপাশের গ্রামে গন্ধ ছড়িয়ে পড়ে।
আক্রান্তরা শ্বাস-প্রশ্বাসে সমস্যা ও বমিবমি অনুভব করেন। পরিস্থিতি এমনই সংকটজনক হয়ে পড়ে যে, রাস্তা জুড়ে গ্যাসের বুদবুদ ছড়িয়ে পড়ে।










