রাশিয়ায় ভাড়াটে সেনাদল ওয়াগনার
গ্রুপের বিদ্রোহ অবসানের একদিন পর দেশটির সরকারি টিভিতে প্রথমবারের মতো দেখা গেল প্রেসিডেন্ট
ভ্লাদিমির পুতিন ও প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে। ক্রেমলিন সোমবার পুতিনের একটি
ভিডিও বক্তৃতা অনলাইনে পোস্ট করে। এরপরই রাষ্ট্রীয়
টেলিভিশনে ভাষণ দেন তিনি।
ভাষণে পুতিন বলেন, রাশিয়ায়
বিশৃঙ্খলা সৃষ্টির সব চেষ্টা ব্যর্থ হয়েছে। শত্রুদের দোষারোপ করে তিনি বলেন, তাদের
হিসাব ভুল ছিল।
তিনি বলেন, আমি সকল সৈনিক
ও গোয়েন্দা কর্মীদের ধন্যবাদ জানাই যারা বিদ্রোহীদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। ভাষণে
তিনি জানান, রক্তপাত এড়াতে যা কিছু সম্ভব করা হয়েছিল তার নির্দেশে।
মস্কোতে সশস্ত্র বিদ্রোহীদের
অগ্রগতি বন্ধে ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের সঙ্গে মধ্যস্থতা করার জন্য বেলারুশের
প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকেও ধন্যবাদ জানান তিনি। ভাড়াটে কমান্ডার ও সৈন্যদের
যারা রক্তপাত এড়িয়ে গেছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন পুতিন।
এদিকে ওয়াগনার গ্রুপের নেতা
ইয়েভজেনি প্রিগোজিন এক অডিও বার্তায় বলেছেন, তিনি সরকার উৎখাতের জন্য মস্কো অভিমুখে
যাত্রা শুরু করেননি। প্রায় ১১ মিনিট স্থায়ী অডিও বার্তায় প্রিগোজিন বলেন, তার সেনাদলের
দুটি শহরের সামরিক স্থাপনা দখল ও মস্কোর দিকে যাত্রার লক্ষ্য ছিল প্রতিবাদ জানানো,
সরকার উৎখাত করা নয়।










