ফিলিস্তিনের গাজা উপত্যকার আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলার ঘটনায় জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদ। বুধবার নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ১০টায় এই বৈঠক হবে বলে জানিয়েছেন জাতিসংঘের এক মুখপাত্র। ওই মুখপাত্র জানিয়েছেন, গাজার সর্বশেষ পরিস্থিতিকে আমলে নিয়ে করণীয় নির্ধারণই এ বৈঠকের মূল উদ্দেশ্য। খবর রয়টার্স। 

গণমাধ্যমটি জানায়, গতকাল মঙ্গলবার রাতে গাজার আল–আহলি আল–আরবি হাসপাতালে নৃশংস হামলায় নারী–শিশুসহ ৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকরা এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। হাসপাতালের এই হামলার জন্য ফিলিস্তিন ইসরায়েলকে দায়ী করেছে। ফিলিস্তিনি জাতিসংঘের দূত রিয়াদ মনসুর হাসপাতালে ‘গণহত্যার’ জন্য ইসরায়েলি বাহিনীকে দায়ী করে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ইসরায়েল এই দায় অস্বীকার করেছে। 

এর আগে, ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধ ও হামাসের হাতে ইসরায়েলি বন্দীদের মুক্তি দেয়ার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব উত্থাপন করে রাশিয়া। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কয়েক দেশের বিরোধিতার কারণে প্রস্তাবটি খারিজ হয়ে গেছে।

নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫ জন। এদের মধ্যে রাশিয়ার আনিত খসড়া প্রস্তাবে চীন, আরব আমিরাতসহ সমর্থন জানিয়েছে মোট পাঁচটি দেশ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সসহ মোট চারটি দেশ এ প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে। আর ব্রাজিল, সুইজারল্যান্ড, ঘানাসহ বাকি ছয়টি দেশ ভোট দানে বিরত থেকেছে।