যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার চলমান বাণিজ্য উত্তেজনা প্রশমনে লন্ডনে উচ্চপর্যায়ের বৈঠকে করবে দুই দেশের প্রতিনিধিরা। স্থানীয় সময় আগামীকাল সোমবার এ বৈঠকের কথা রয়েছে। বৈঠকে বাণিজ্য টানাপোড়েন ও গুরুত্বপূর্ণ খনিজসম্পদের রফতানি নিষেধাজ্ঞা নিয়ে দুই দেশের মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনা কমানো নিয়ে আলোচনা হবে। খবর রয়টার্স।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বৈঠকের বিষয়ে এক পোস্টে জানান, মার্কিন কোষাধ্যক্ষ স্কট বেসেন্ট, বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক এবং বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার চীন বাণিজ্য আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন। ট্রাম্প বলেন, এ বৈঠক অত্যন্ত ইতিবাচক হবে বলে আশা করছি।
অন্যদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভাইস-প্রিমিয়ার হে লিফেং ৮ থেকে ১৩ জুন যুক্তরাজ্যে অবস্থান করবেন এবং এ সফরের মধ্যেই চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্য পরামর্শ কাঠামোর প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, বিশ্বের বৃহত্তম দুটি অর্থনীতির মধ্যে উত্তেজনা শিথিল করার জন্য উভয় দেশেই রাজনৈতিক চাপ রয়েছে। বিশেষত, চীন যখন বিশ্বে বিরল খনিজের প্রধান উৎপাদক এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ এই খনিজের ওপর নির্ভরশীল, তখন বাজারে অনিশ্চয়তা আরও বেড়েছে। চীনও মার্কিন সফটওয়্যার ও পারমাণবিক প্রযুক্তি পণ্যের ওপর নির্ভরশীল, যেগুলোর সরবরাহ বিঘ্নিত হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে।










