বিদ্যুৎ বিভ্রাটের কারণে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হিথ্রো বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।একটি বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লেগে যাওয়ার ঘটনায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। এতে বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করা হয়। খবর বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, হিথ্রো বিমানবন্দর শুক্রবার সারাদিন বন্ধ থাকবে। কারণ নিকটবর্তী একটি বৈদ্যুতিক সাবস্টেশনে বড় ধরনের আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের শিকার ওই সাবস্টেশন থেকেই হিথ্রো বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে।

হিথ্রো বিমানবন্দর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আগুনের কারণে বিমানবন্দরে “উল্লেখযোগ্য বিদ্যুৎ বিভ্রাট” দেখা দিয়েছে। এতে আরো বলা হয়েছে, ‘আমাদের যাত্রী এবং সহকর্মীদের নিরাপত্তা বজায় রাখার জন্য হিথ্রো বিমানবন্দর ২১ মার্চ রাত ৯:৫৯ পর্যন্ত বন্ধ থাকবে। যাত্রীদের বিমানবন্দরে আসতে পরামর্শ দেয়া হচ্ছে এবং আরও তথ্যের জন্য তাদের বিমান সংস্থার সাথে যোগাযোগ করা করতেও বলা হচ্ছে। অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’

হিথ্রো বিমানবন্দরের একজন মুখপাত্র বলেছেন, ‘অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে বৈদ্যুতিক সাবস্টেশনটি কখন চালু হবে, তা বলা সম্ভব নয়। কর্মীরা উদ্ভুত পরিস্থিতি সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করছেন।’ বিমানবন্দরটি পুনরায় চালু না হওয়া পর্যন্ত যাত্রীদের বিমানবন্দরে)আসা উচিত নয় বলেও জানান তিনি।

লন্ডন ফায়ার ব্রিগেড (এলএফবি) জানিয়েছে, আগুন নেভানোর জন্য দশটি দমকল ইঞ্জিন ও প্রায় ৭০ জন দমকলকর্মী পাঠানো হয়েছে।